নিম্নচাপের জের ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জেরবার হবে বাংলা ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃষ্টির এই পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে ৷ বাদ যাবে না কলকাতা ৷ ভিজবে উত্তরবঙ্গও ৷ বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ গত ৬ ঘণ্টায় পশ্চিমবঙ্গের উপকূল থেকে ঘণ্টায় ২২ কিমি গতিতে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে ক্রমশ অগ্রসর হচ্ছে । এর আগে নিম্নচাপটি গাঙ্গেয় বঙ্গের উপর অবস্থান করছিল । হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানান, আগামী 24 ঘণ্টায় নিম্নচাপটি গাঙ্গেয় বঙ্গ, সংলগ্ন উত্তর ওড়িশা, ঝাড়খণ্ড এবং সংলগ্ন উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে অগ্রসর হবে ৷ এর প্রভাবে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে । এছাড়াও কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে ৷ তিনি আরও জানান, অতিমাত্রায় সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু ৷ সেই কারণে, আগামী এক সপ্তাহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ বৃষ্টির হাত থেকে বাদ যাবে না কলকাতাও ৷ প্রতিদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা ।
আগামী ৫দিন দক্ষিণবঙ্গের কোথায় কেমন বৃষ্টি –
26 জুলাই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় । সেই সঙ্গে বৃষ্টিপাতের হলুদ সতর্কতা (7-11 সেন্টিমিটার) জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং দক্ষিণ 24 পরগনায় ।
27 জুলাই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গজুড়ে । ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে (7-11 সেন্টিমিটার) নদিয়া এবং মুর্শিদাবাদের একাধিক জায়গায় ।
28 জুলাই সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গজুড়ে । ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা (7-11 সেন্টিমিটার) নদিয়া এবং উত্তর 24 পরগনায় ৷
29 জুলাই মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের সর্বত্র ৷ অতিভারী বৃষ্টিপাতের (7-20 সেন্টিমিটার) কমলা সতর্কতা দুই 24 পরগনার কয়েকটি জায়গায় । হলুদ সতর্কতা (7-11 সেন্টিমিটার) রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং দুই মেদিনীপুরের কয়েকটি জায়গায় ৷
30 জুলাই বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় ৷ ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে (7-11 সেন্টিমিটার) দুই বর্ধমান, বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ।
31 বৃহস্পতিবার জুলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গজুড়ে । ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কতা রয়েছে (7-11 সেন্টিমিটার) বীরভূম এবং মুর্শিদাবাদে ।
উত্তরবঙ্গে কোথায় কেমন বৃষ্টি
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ দক্ষিণবঙ্গের তুলনায় কম ।
26 জুলাই শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গজুড়ে । ভারী বৃষ্টিপাতের (7-11 সেন্টিমিটার) হলুদ সতর্কতা আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চলে ।
27 জুলাই রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের সর্বত্র ৷ ভারী বৃষ্টির (7-11 সেন্টিমিটার) হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের উপরের 4 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ।
28 থেকে 30 জুলাই অর্থাৎ, সোম থেকে বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গজুড়ে । ভারী বৃষ্টিপাতের (7-11 সেন্টিমিটার) হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং দুই দিনাজপুরে ।

