ভারী বৃষ্টিতে বিধ্বস্ত উত্তর ভারতের একাধিক রাজ্য ৷ পঞ্জাব, জম্মু-কাশ্মীর, হিমাচলপ্রদেশ এবং উত্তরাখণ্ডে ভয়াবহ বন্যা ও ভূমিধসে ভেসে গিয়েছে একাধিক বাড়ি ও চাষের জমি ৷ মৃত্যু হয়েছে একাধিক মানুষের ৷ সূত্রের খবর, ভয়াবহ এই পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার ইটিভি ভারতকে এক সরকারি আধিকারিক জানান, প্রাকৃতিক দুর্যোগের কোপে সৃষ্টি সংকটের মোকাবেলায় কিছু রাজ্য সরকারের তরফে কেন্দ্রীয় তহবিলের দাবি করা হয়েছে ৷ এই আবহে পরিস্থিতি পর্যালোচনার জন্য বন্যা কবলিত এলাকাগুলির পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী ৷ সম্প্রতি জাপান ও চিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷ জানা গিয়েছে, সেখান থেকে ফেরার পর পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মানের সঙ্গে কথা বলেছেন তিনি ৷ কেন্দ্রের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ চালানোর জন্য ইতিমধ্যেই কেন্দ্রের তরফে সহায়তা করা হচ্ছে ৷ ভারী থেকে অতিভারী বৃষ্টিতে জলের তলায় চলে যায় পঞ্জাবের একাধিক জেলা ৷ ঘর ছাড়া বহু মানুষ ৷ ভেসে গিয়েছে কৃষিজমি ৷ প্রচুর গবাদি পশুরও প্রাণ গিয়েছে ৷ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ৷ এককথায় বিপর্যস্ত সেই রাজ্যের জনজীবন ৷ শুক্রবার বন্যা কবলিত পঞ্জাবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 43 জন ৷ দিল্লির এইমস হাসপাতালের তরফে এলাকায় একটি বিশেষ মেডিক্যাল টিম পাঠানো হয়েছে ৷


