ফের প্রকাশ্য রাস্তায় খুনের ঘটনা বিহারের রাজধানী শহর পাটনায়। বুধবার রাত দশটা নাগাদ পাটনার চিত্রগুপ্ত নগর থানার মুন্না চক এলাকায় রাষ্ট্রীয় জনতা দলের এক নেতাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। ঘটনার পরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, মৃতের নাম রাজকুমার ওরফে আলা রাই। তিনি বৈশালীর রাঘোপুর এলাকার বাসিন্দা। ঘটনাস্থলের কাছে মুন্না চকের ১৭ নম্বর গলির একটি বাড়িতে থাকতেন তিনি। তাঁর স্ত্রী ও সন্তানের সঙ্গে তিন ভাইও থাকতেন ওই বাড়িতে। রাজনীতির পাশাপাশি জমির কারবারের সঙ্গেও যুক্ত ছিলেন রাজকুমার। স্থানীয় সূত্রে খবর, বুধবার রাজকুমার নিজের বোলেরো গাড়িতেই বাড়িতে ফেরেন। রাজকুমারের ড্রাইভার বাড়ি থেকে ৫০ মিটার দূরে পার্কিং প্লেসে গাড়ি রাখতে যান। তাঁর বাড়ির কাছেই দুই দুষ্কৃতী লুকিয়ে ছিল। রাজকুমার গাড়ি থেকে নামলেই তারা তাঁকে ধাওয়া করে গুলি ছোড়ে। একটি গুলি রাজকুমারের পিঠে লাগে। সেই অবস্থাতেই দৌড়ে একটি দোকানে ঢুকে পড়েন তিনি। দুষ্কৃতীরা দোকানের বাইরে থেকেও রাজকুমারকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মোট সাত থেকে আট রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানাচ্ছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী।


