banganews.net

এবার গ্রেটার নয়ডার কাছে যমুনা এক্সপ্রেসওয়ের উপরে একটি বেসরকারি স্লিপার বাসে আগুন। ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল ৯ যাত্রীর৷ ঘটনায় অনেকে গুরুতর আহত হয়েছেন বলে জানা যাচ্ছে৷ বাসটি আগুনে পুড়ছে এবং স্থানীয়রা ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য ঘটনাস্থলে জড়ো হয়েছেন। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। স্থানীয় সূত্র অনুযায়ী, বাসটি দিল্লি থেকে উত্তর প্রদেশের মাহোবার দিকে যাচ্ছিল৷ রাস্তায় তাতে হঠাৎই আগুন লেগে যায়। সে সময় বেশিরভাগ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে কিছু যাত্রী বাসের জানালা দিয়ে লাফিয়ে বাইরে বেরিয়ে এসে কোনও রকমেস প্রাণে বাঁচেন। যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে, এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা বাসটি দাউ দাউ করে জ্বলছে। খবর পাওয়া মাত্রই জরুরি পরিষেবা দল ছুটে যায় ঘটনাস্থলে এবং আহতদের সহায়তা ও ভুক্তভোগীদের উদ্ধারের জন্য উদ্ধার অভিযান চালানো হয় বলে খবর। স্থানীয় প্রশাসনের আধিকারিকেরা  সিএনএন-নিউজ১৮-কে  জানিয়েছেন যে, বাসটিতে প্রায় ৩০-৪০ জন আরোহী ছিলেন। আগুন লাগার পর তাদের মধ্যে বেশ কয়েকজন প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফিয়ে পড়েন। সংবাদ সংস্থা  এএনআই-  কে দেওয়া এক সাক্ষাৎকারে এক যাত্রী বলেন, ‘‘…আমি যখন ঘুমিয়ে ছিলাম, তখন কেউ দরজায় ধাক্কা দিল। উঠে দেখি, ততক্ষণে প্রচণ্ড ভিড় জমে গেছে। আমি আমার কোনও জিনিসই নিতে পারিনি, এমনকি জুতোও পরিনি। শুধু ফোনটা হাতে নিয়ে বেরিয়ে পড়লাম।”