বড়দিনে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত ৷ দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ঢুকে পড়ল ৩ ডিগ্রির ঘরে ৷ বুধবার শৈলশহরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩.০৮ ডিগ্রি ৷ কলকাতায় তাপমাত্রা নামল ১৩.০৭ ডিগ্রিতে ৷ বর্ষশেষের সপ্তাহে শীত এবার চালিয়ে খেলার চেষ্টায় । ইতিমধ্যে রাজ্যজুড়ে শীতের কামড় ভালোভাবে অনুভূত হচ্ছে । দুই বা তিনদিনে থমকে যায়নি, শীতের এবারের ইনিংস টানা চলছে । কলকাতাতেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ১৪ ডিগ্রির ঘরে ঢুকে পড়েছে । গত ১৫ দিনে ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছল এই নিয়ে তিনবার ৷ আবহাওয়া অফিস বলছে, ২৭ ডিসেম্বর শনিবার পর্যন্ত ধীরে ধীরে সব জেলাতেই নামবে পারদ । আজ এবং আগামিকাল অর্থাৎ, বৃহস্পতি ও শুক্রবার দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে তাপমাত্রা । এই পরিস্থিতি আরও চারদিন চলবে । বুধবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান দখল করেছে শ্রীনিকেতন ৷ এদিন সেখানে তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস । উত্তরবঙ্গের সমতল এলাকাগুলির মধ্যে শীতলতম স্থানের রেকর্ড গড়েছে আলিপুরদুয়ার ৷ এখানে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস ।আজ বৃহস্পতিবার দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে । সঙ্গে ভোর বা সকালে কুয়াশার দাপট থাকবে যথেষ্ট । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৩ এবং ১৪ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।উৎসবের আবহে নিরাশ করবে না শীত ৷ বর্ষশেষের বাকি দিনগুলিতে আবহাওয়া একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বছরের শুরুতে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ । এরই মধ্যে পাশাপাশি কুয়াশার দাপট চলছে সর্বত্রই । তাই দুর্ঘটনা এড়াতে যানবাহন চালানোর সময় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে ৷ সপ্তাহান্তে ৮ ডিগ্রিতে নামতে পারে পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা । উত্তরবঙ্গে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে পারদ । অন্যদিকে, শুক্রবার শুধু কলকাতাতেই ১৩ ডিগ্রিতে তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে । ফলে রাজ্যজুড়ে যে জমিয়ে শীতের আমেজে বড়দিন কাটবে এবং পরবর্তী কয়েকদিনও বেশ ভালোই ঠান্ডা মালুম হবে তা বলাই যায় ।

