November 23, 2026
ব্রেকিং নিউজ
ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ছক! হোয়াইট হাউসের সামনে গ্রেপ্তার অস্ত্র সহ যুবকভূত চতুর্দশী কী! জেনে নিন চোদ্দ শাক এবং ১৪ বাতির নেপথ্যের ইতিহাসতীব্র ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের টোকিও, রিখটার স্কেলে ৬.১অসমের ডিব্রুগড়ে ইন্ডিয়ার তেল সংরক্ষণ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১, গুরুতর জখম ৫অমৃতসর-জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডউত্তরাখণ্ডে ট্রেক করতে গিয়ে তুষারধসে নিখোঁজ ১৩, উদ্ধার ৬ জনের মৃতদেহধন্বন্তরী ত্রয়োদশী বা ধনতেরাস কী!
কলকাতা

‘গুন্ডা দমন বিল’ ফেরালেন রাষ্ট্রপতি, সংশোধনের নির্দেশ !

সমাজবিরোধীদের দমনে রাজ্য সরকারের আনা ‘গুন্ডা দমন বিল’ আপাতত আইন হওয়ার পথে আরও এক ধাপ পিছিয়ে গেল । কেন্দ্রীয় মাদক আইনের সঙ্গে প্রস্তাবিত আইনের একটি অংশের সংঘাতের আশঙ্কা দেখিয়ে সংশোধনের জন্য বিলটি রাজ্য সরকারের কাছে ফেরত পাঠিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । ফলে বিধানসভায় পাশ হওয়ার পরও কার্যকর হল না ‘ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি-সোশ্যাল অ্যাক্টিভিটিজ বিল-2026’ ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে হাতিয়ার করেই রাজ্য সরকারকে নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ, ‘পোস্টারে ডবল ইঞ্জিন । শাসনে রিভার্স গিয়ার । হোমওয়ার্ক সোজা ফেরত !” গত 29 জুন বিধানসভায় বিলটি পেশ করেছিল রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসা বিজেপি সরকার । মূল উদ্দেশ্য ছিল সমাজবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রশাসনকে অতিরিক্ত ক্ষমতা দেওয়া । প্রস্তাবিত আইনে জেলাশাসক, পুলিশ কমিশনার অথবা ডিআইজি পদমর্যাদার পুলিশ আধিকারিককে কোনও সমাজবিরোধীকে নির্দিষ্ট এলাকা বা জেলা থেকে সর্বাধিক এক বছরের জন্য বহিষ্কারের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছিল । পাশাপাশি নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে নিয়মিত হাজিরার নির্দেশ দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছিল । কিন্তু বিলের একটি ধারাই এখন কেন্দ্রের আপত্তির মূল কারণ । কেন্দ্রের দেওয়া নোটে বলা হয়েছে, প্রস্তাবিত আইনে এমন ব্যক্তিদেরও ‘গুন্ডা’ হিসেবে চিহ্নিত করার সুযোগ রয়েছে, যাঁরা কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন, অর্থাৎ NDPS Act-এর আওতায় পড়েন । অথচ মাদক পাচার ও সংশ্লিষ্ট অপরাধের ক্ষেত্রে 1988 সালের PITNDPS Act-এ ইতিমধ্যেই পৃথক কেন্দ্রীয় আইনি কাঠামো রয়েছে ৷ ফলে একই ধরনের অপরাধের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের দু’টি আইনি ব্যবস্থা পাশাপাশি কার্যকর হওয়ার প্রশ্ন উঠতে পারে ৷ এই জায়গাতেই সংবিধানের 254 নম্বর অনুচ্ছেদ ঘিরে আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে ৷ কেন্দ্রের পরামর্শ, কেন্দ্রীয় আইনের সঙ্গে যে অংশে সংঘাত বা ওভারল্যাপ তৈরি হচ্ছে, সেই নির্দিষ্ট অংশ বাদ দিয়ে বিলটি সংশোধন করা হোক ৷ তারপর ফের বিধানসভায় তা পেশ করে রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানো যেতে পারে ৷ প্রশাসনের এক শীর্ষ কর্তার কথাতেও কার্যত সেই বাস্তবতাই উঠে এসেছে । তাঁর বক্তব্য, সরকার দ্রুত আইনটি কার্যকর করতে চেয়েছিল । ফলে বিল ফেরত আসা ‘বড় ধাক্কা’ । তবে প্রয়োজনীয় সংশোধন করে ফের বিধানসভায় বিলটি আনার সুযোগ রয়েছে ৷ বিলটি নিয়ে প্রথম থেকেই রাজনৈতিক বিতর্ক ছিল । বিরোধীদের অভিযোগ ছিল, এই আইনের ক্ষমতা ব্যবহার করে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার সুযোগ তৈরি হতে পারে । সরকারের পক্ষ থেকে অবশ্য সেই আশঙ্কা খারিজ করে বলা হয়েছিল, আইনশৃঙ্খলা রক্ষার প্রয়োজনেই এই কঠোর ব্যবস্থা । মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও জানিয়েছিলেন, প্রতিরোধমূলক গ্রেফতারি বা প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারের কোনও কারণ নেই এবং প্রশাসন আইন মেনেই কাজ করবে । এর মধ্যেই বিলটির বৈধতা নিয়ে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা হয় । গত 6 অগস্ট বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ তিনটি মামলাই খারিজ করে দেয় । আদালতের বক্তব্য ছিল, রাষ্ট্রপতির সম্মতি না পাওয়া পর্যন্ত বিলটি আইনেই পরিণত হয়নি । ফলে আইন হিসেবে কার্যকর না হওয়া কোনও বিধানকে চ্যালেঞ্জ করে ওই মুহূর্তে মামলা করা অকালপক্ব । আর এখানেই তৈরি হয়েছে নতুন রাজনৈতিক প্রশ্ন । কারণ, হাইকোর্টে রাজ্যের তরফে বিলটি এখনও রাষ্ট্রপতির সম্মতির অপেক্ষায় থাকার কথা জানানো হলেও মুখ্যমন্ত্রী এর আগে প্রকাশ্যে দাবি করেছিলেন, রাজ্যপালের সম্মতি পাওয়ার পর ‘গুন্ডা দমন বিল’ আইনে পরিণত হয়েছে । এমনকি গত 24 জুলাই ধর্মতলায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে এই নতুন আইন প্রয়োগ করা হয়েছে বলেও তিনি বিধানসভায় জানিয়েছিলেন । ফলে মুখ্যমন্ত্রীর প্রকাশ্য দাবি এবং আদালতে রাজ্যের হলফনামায় দেওয়া অবস্থানের মধ্যে ফারাক নিয়েই এখন নতুন করে প্রশ্ন উঠছে । তার উপর রাষ্ট্রপতির দফতর থেকে সংশোধনের জন্য বিল ফেরত আসায় আপাতত আইনটি কার্যকর করার প্রক্রিয়া থমকে গেল । সংশোধিত বিল ফের কবে বিধানসভায় আসবে, কোন কোন ধারা বদলাবে এবং পরবর্তী দফায় রাষ্ট্রপতির সম্মতি মিলবে কি না, সেই প্রশ্নেই এখন নজর রাজ্য প্রশাসনের ।