নতুন গাড়িতে FASTag ইস্যুর ক্ষেত্রে ‘নো ইওর ভেহিকেল’ (KNOW YOUR VEHICLE-KYV) বা গাড়ির তথ্য জানানোর প্রক্রিয়া বন্ধ করছে সরকার ৷ কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত ৷ জাতীয় সড়কে পোস্ট-অ্যাক্টিভেশন সংক্রান্ত হয়রানি দূর করার জন্য, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) আগামী 1 ফেব্রুয়ারি থেকে সমস্ত ক্ষেত্রে গাড়ির জন্যই KYV প্রক্রিয়াটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ।একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই নয়া সিদ্ধান্তের ফলে কয়েক লক্ষ সাধারণ মানুষ স্বস্তি পাবে ৷ যারা বৈধ গাড়ির নথি থাকা সত্ত্বেও FASTag অ্যাক্টিভেশনের পরে KYV-এর প্রয়োজনীয়তার কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন, এর ফলে তাদের হয়রানি দূর হবে ।” সরকারি ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “গাড়ির জন্য ইতিমধ্যেই ইস্যু করা ফাস্ট্যাগগুলির ক্ষেত্রে, KYV আর রুটিন প্রয়োজনীয়তা হিসেবে বাধ্যতামূলক থাকছে না । শুধুমাত্র নির্দিষ্ট কিছু ক্ষেত্রে KYV-এর প্রয়োজন হবে ৷ যেমন- ভুল ইস্যু বা অপব্যবহার সম্পর্কিত অভিযোগ পাওয়া গেলে । কোনও অভিযোগ না থাকলে, গাড়ির ফাস্ট্যাগের জন্য কোনও KYV-এর প্রয়োজন হবে না ৷” পাশাপাশি প্রি-অ্যাক্টিভেশন সুরক্ষা ব্যবস্থাও চালু করা হয়েছে ৷ প্রক্রিয়াটি সহজ করার পাশাপাশি নির্ভুলভাবে প্রক্রিয়াটি যাতে চলে তা নিশ্চিত করতে, এনএইচএআই ব্যাঙ্কগুলির জন্য প্রি-অ্যাক্টিভেশন যাচাইকরণের নিয়মাবলী আরও জোরদার করেছে ৷ যেখানে বাধ্যতামূলকভাবে ফাস্ট্যাগ অ্যাক্টিভেশন শুধুমাত্র গাড়ির ডেটাবেস থেকে গাড়ির বিবরণ যাচাই করার পরেই অনুমোদিত হবে বলে জানা গিয়েছে । পাশাপাশি অ্যাক্টিভেশনের পরে যাচাইকরণের পূর্ববর্তী নিয়ম অর্থাৎ পোস্ট-অ্যাক্টিভেশন যাচাই বন্ধ করে দেওয়া হয়েছে । শুধুমাত্র ব্যতিক্রমী ক্ষেত্রে আরসি-ভিত্তিক যাচাইকরণ করা হবে ৷ যদি গাড়ির ডেটাবেসে গাড়ির বিবরণ পাওয়া না যায়, সেক্ষেত্রে ইস্যুকারী ব্যাঙ্কগুলিকে সম্পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে অ্যাক্টিভেশনের আগে রেজিস্ট্রেশন সার্টিফিকেট (RC) ব্যবহার করে বিবরণ যাচাই করতে হবে । অনলাইন চ্যানেলের মাধ্যমে বিক্রি হওয়া ফাস্ট্যাগগুলিও ব্যাঙ্কগুলির দ্বারা সম্পূর্ণ যাচাইকরণের পরেই সক্রিয় করা হবে বলেও জানানো হয়েছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “এই পদক্ষেপগুলি থেকে এটা স্পষ্ট গাড়ির সমস্ত যাচাইকরণ আগেই সম্পন্ন করা হবে ৷ যার ফলে ফাস্ট্যাগ অ্যাক্টিভেশনের পরে গ্রাহকদের সঙ্গে বারবার ফলো-আপ করার প্রয়োজন হবে না । এই সংস্কারগুলি ফাস্ট্যাগ ইকোসিস্টেমকে নাগরিক-বান্ধব, স্বচ্ছ এবং প্রযুক্তি-চালিত করার জন্য এনএইচএআই-এর অবিচল প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে ৷ অ্যাক্টিভেশনের আগে যাচাইকরণের দায়িত্ব সম্পূর্ণরূপে ইস্যুকারী ব্যাঙ্কগুলির উপরই বর্তাবে ৷”

