পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার বারামতিতে শেষকৃত্য সম্পন্ন হবে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ৷ সুসজ্জিত গাড়িতে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণের পর এনসিপি নেতার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে । এনসিপি সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন ৷ ফুল দিয়ে সাজানো হয়েছে পাওয়ারের অন্তিম যাত্রার গাড়িটি ৷ গাড়ির সামনেই অজিত পাওয়ারের ছবি এবং ‘স্বর্গীয় অজিতদাদা পাওয়ার অমর রহে’ লেখা একটি বোর্ডও লাগানো হয়েছে । মহারাষ্ট্রের সবচেয়ে দীর্ঘ সময় ধরে উপমুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন অজিত পাওয়ার ৷ শুধু তাই নয়, বরাবর বারামতি থেকেই ভোটে লড়ে বিধানসভায় গিয়েছেন তিনি ৷ এমনকী একবার সাংসদও হয়েছিলেন এই বারামতি থেকেই ৷ আর তাঁর শেষকৃত্যও হবে এই শহরেই ৷ জানা গিয়েছে, অজিত পাওয়ারের শেষযাত্রা সকাল ন’টায় বিদ্যা প্রতিষ্ঠান ক্যাম্পাস থেকে শুরু হবে ৷ এরপর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে সকাল 11টায় ফের বিদ্যা প্রতিষ্ঠান মাঠে ফিরে আসবে তাঁর নশ্বর দেহ ৷ সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে পাওয়ারের ৷ সাধারণ মানুষও শেষ শ্রদ্ধা জানাতে পারবেন এখানেই ।


