অন্তর্বর্তী বাজেটে ‘লক্ষ্মী লাভ’ রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীদের৷ ২০২৬-‘২৭ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করলেন পশ্চিমবঙ্গের অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মচারী- সকলের জন্যই একগুচ্ছ জনমুখী প্রকল্পের ঘোষণা করলেন তিনি। ভোটমুখী বঙ্গের ২০২৬-‘২৭ আর্থিক বছরের এই অন্তর্বর্তী বাজেটে রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমনে সপ্তম বেতন কমিশন গঠন এবং ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। ফলে তা ১৮ শতাংশ থেকে বেড়ে দাঁড়াল ২২ শতাংশ। ১ এপ্রিল থেকে তা কার্যকর হবে। বাজেট বক্তৃতার শুরুতেই চন্দ্রিমা ভট্টাচার্য দাবি করেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও রাজ্যের নিজস্ব আয়ে উন্নয়নমূলক কাজ অব্যাহত রয়েছে। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ায়, চন্দ্রিমা ভট্টাচার্য সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) গঠনের ঘোষণা করেছেন। এই কমিশন আগামী দিনে কর্মচারীদের বেতন ও কাঠামো পর্যালোচোনা করবে। এর পাশাপাশি, আগামী ১ এপ্রিল ২০২৬ থেকে সরকারি কর্মী, শিক্ষক ও পেনশনভোগীদের জন্য আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, স্বাস্থ্য স্কিমে ক্যাশলেস চিকিৎসার ঊর্ধ্বসীমা বাড়িয়ে ২ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।


