দেশ

মেঘালয়ের কয়লাখনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১৮, চলছে উদ্ধার কাজ

মেঘালয়ের পূর্ব জয়ন্তিয়া হিলস জেলায় মাইনসিঙ্গাট-থাংস্কো এলাকায় এক অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ ৷ ডিনামাইট বিস্ফোরণে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷ এখনও অনেকে ধসে নীচে চাপা পড়ে রয়েছে আশঙ্কা করা হচ্ছে ৷ তাঁদের বের করে আনার চেষ্টা চলছে ৷ দৃশ্যমানতা কম এবং বিপজ্জনক পরিস্থিতির কারণে বৃহস্পতিবার গভীর রাতে উদ্ধার অভিযান স্থগিত করা হয় । শুক্রবার সকালে দিনের আলো ফুটতেই ফের শুরু হয়েছে উদ্ধারকাজ ৷ জেলা প্রশাসন জানিয়েছে, বিস্ফোরণের কারণ এবং খনিটি কারা পরিচালনা করেছিল তা নির্ধারণের জন্য কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে । নিহতদের মধ্যে নয়জন আসামের কাছাড় জেলার কাটিগোরা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । নিহতরা হলেন- ফারুক আহমেদ (বিহার এলাকা), দিলদার হোসেন ও আনোয়ার হোসেন (সরিশাকুড়ি), নিমান উদ্দিন (25) (রাজপুর)। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে মৃতদের পরিবারকে 2 লক্ষ এবং আহতদের 50 হাজার টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে ৷