জেলা

ভোটের আগে বর্ধমানে লক্ষাধিক টাকা সহ গ্রেফতার ২, জিজ্ঞাসাবাদে উঠে এল বিজেপি সাংসদদের নাম, ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজত

বর্ধমান শহরে একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা । ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে । সেই টাকা উদ্ধারে নাম জড়িয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর আপ্ত সহায়ক (PA) হৃদয় পালের । ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, এই ঘটনায় প্রয়োজনে বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ’কে জিজ্ঞাসাবাদ করা হতে পারে । পুলিশ সূত্রে আরও খবর, বুধবার বিকেলে বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ উপনগরী এলাকায় একটি চারচাকা গাড়ি থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার হয় । গাড়িটি বাজেয়াপ্ত করে এবং ২ জনকে প্রথমে আটক করা হয় ৷ পরে পুলিশ সাংবাদিক বৈঠকে জানায়, ধৃতদের গ্রেফতার করা হয়েছে ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বিভিন্ন বালিঘাট থেকে এই মোটা টাকা সংগ্রহ করা হয়েছে । যে কাজে নাম জড়িয়েছে হৃদয় পালের । যিনি আবার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের আপ্ত সহায়ক । বৃহস্পতিবার পুলিশ ধৃত বাপন হাঁসদা ও সৌরভ ঘোড়ুইকে জেলা আদালতে তোলে । দু’জনের বাড়িই বাঁকুড়ার বেলিয়াতোড়ে । ধৃতদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । এই বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় বলেন, “আমাদের পুলিশ টিম একটি গাড়ি আটক করে । সেখান থেকে ২ জনকে আটক করা হয় । তাদের কাছ থেকে প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে । জিজ্ঞাসাবাদ করে জানা যায় বিভিন্ন বালিখাদ থেকে এই টাকা তোলা হয়েছে । তাদের কাছ থেকে আরও জানা যায়, হৃদয় পাল নামে এক ব্যক্তি ওই টাকা কালেক্ট করার জন্য পাঠায় । ওই হৃদয় পাল বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁয়ের পিএ । তাদের কেস রেকর্ড করে গ্রেফতার করা হয় । আদালতে তোলা হলে দশ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয় ।” তিনি আরও বলেন, “কাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে । যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত আছে আমরা খতিয়ে দেখছি । যদি কেউ জড়িত থাকে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে । যে গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, সেই গাড়ি অন্য কারও নামে রেজিস্ট্রেশন আছে । সেই বিষয়টিও দেখা হচ্ছে । ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে সমস্ত বিষয় আমরা খতিয়ে দেখছি ।”