দেশ

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া

রেপো রেট অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ফলে রেপো রেট দাঁড়িয়ে থাকল ৫.২৫ শতাংশেই। ৬ ফেব্রুয়ারি, আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, রেপো রেটে কোনও বদল হচ্ছে না। ভারতীয় অর্থনীতি শক্ত ভিতের উপরেই দাঁড়িয়ে রয়েছে বলে জানিয়েছেন তিনি। গত ডিসেম্বর কেন্দ্রীয় ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছিল। দু’মাস অন্তর রেপো রেট নিয়ে বৈঠকে বসে আরবিআইয়ের মনিটরি পলিসি কমিটি। গভর্নর সঞ্জয় মালহোত্রার নেতৃত্বে তিন দিন ধরে কমিটির বৈঠক হয়েছে। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় রেপো রেট অপরিবর্তিত রাখা হবে। এদিন আরবিআই-র গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেন, ‘মনিটারি পলিসি কমিটি গত ৪, ৫ ও ৬ ফেব্রুয়ারি বৈঠক করে এবং অর্থনীতি ও মাক্রো-ইকোনমিক কন্ডিশনের গভীর পর্যালোচনার পর পলিসি রিপোর্ট তৈরি করেছে। মনিটারি পলিসি কমিটি সর্বসম্মতিতে সিদ্ধান্ত নিয়েছে যে রেপো রেট ৫.২৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হবে। একইসঙ্গে এসডিএফ রেটও ৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হয়েছে। এমএসএফ রেট ও ব্যাংক রেট ৫.৫ শতাংশ হারে অপরিবর্তিত রাখা হয়েছে।’ গত বছর রিজার্ভ ব্যাংক মোট চার দফায় রেপো রেট কমিয়ে ১২৫ বেসিস পয়েন্ট হ্রাস করেছিল। ডিসেম্বর মাসেই রেপো রেট কমিয়ে ৫.২৫ শতাংশে আনা হয়েছিল। সাম্প্রতিক বাজেট এবং ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হওয়ায় ভারতীয় অর্থনীতির উন্নতি হবে বলেই আভাস রয়েছে। আপাতত রিজার্ভ ব্যাংক চাইছে, আগে রেপো রেট কমানোর প্রভাব বাজারে কেমন পড়ল, সেটা খতিয়ে দেখতে। সেকারণেই শুক্রবার অপরিবর্তিত রাখা হয়েছে রেপো রেট। আর রেপো রেট অপরিবর্তিত বর্তমান ঋণগ্রহীতাদের ইএমআই-এ কোনও পরিবর্তন হবে না। নতুন ঋণগ্রহীতারাও আপাতত একই সুদের হরে ঋণ পাবেন। সরকারি ও বেসরকারি ব্যাংকগুলো হোম লোন, গাড়ির লোন ও ব্যক্তিগত ঋণের সুদের হার সাধারণত একই রাখবে, যদি না তারা নিজেদের মার্জিন পরিবর্তন করে।