দেশ

নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল বাস, মৃত ১৩, আহত ৩৪

ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে ১৩ জন যাত্রী ৷ আহত হয়েছেন আরও ৩৪ জন ৷ বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম নেপালে ৷ জায়গাটি ভারত-নেপাল সীমান্তে অবস্থিত উত্তরাখণ্ডের পিথোরাগড়ের ঝুলাঘাট এলাকায় ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ জানা গিয়েছে, বরযাত্রীরা বিয়ে সেরে ওই বাসে ফিরছিল ৷ নববিবাহিত বর ও বউ অন্য একটি গাড়িতে ছিলেন ৷ তাই তাঁরা বেঁচে গিয়েছেন ৷ বাসটি কাঠমান্ডু থেকে ৫০০ কিমি পশ্চিমে বাদগাঁও গ্রামের কাছে ৬৫০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় ৷ বৈতাডি পুলিশ সূত্রে খবর, সঙ্গে সঙ্গে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সূত্রের খবর, বৈতাডির পুরচুনি পুরসভা ৭-এর অন্তর্গত ভাবনে গ্রাম থেকে সুনকুরার বাজহাংয়ের দিকে যাচ্ছিল ৷ পুরচুনির বাদগাঁও মোড়ের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ৬৫০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় ৷ স্থানীয়রাই প্রথম উদ্ধার কাজে হাত লাগায় ৷ আহতদের কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷