আই-প্যাক তল্লাশির বিষয়ে ইডির মামলার শুনানি ফের পিছিয়ে গেল ৷ আই-প্যাকের কার্যালয় এবং কোম্পানির কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হস্তক্ষেপ ও বাধা’ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল ইডি ৷ গত 3 ফেব্রুয়ারি মামলাটি পিছিয়ে গিয়ে ১০ তারিখ অর্থাৎ আজকের দিন ধার্য করা হয়েছিল ৷ মঙ্গলবার ফের সেই শুনানি পিছিয়ে গেল ৷ গতবার ইডির আবেদনের প্রেক্ষিতে শুনানি এক সপ্তাহ পিছিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট । জানা গিয়েছে, রাজ্যের তরফের আইনজীবী কপিল সিব্বলের অসুস্থতার কারণে আজ মামলা স্থগিত রাখার আর্জি জানানো হয় । বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং সন্দীপ মেহতার একটি বেঞ্চ সিনিয়র আইনজীবী কপিল সিব্বল অসুস্থ বলে জানানোর পর মামলাটি স্থগিত করে । সলিসিটর জেনারেল তুষার মেহতা স্থগিতাদেশে সম্মত হন । এরপরই ১৮ ফেব্রুয়ারি আই প্যাক মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চ ।


