বৃহস্পতিবার সকালে নয়ডার সেক্টর ৪ এলাকার ইলেকট্রিক মিটার তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে গুরুতর জখম অন্তত ২৬ কর্মী। সূত্রের খবর, ঘটনার সময়ে ওই কারখানায় ২৪০ জন কর্মী কাজ করছিলেন। অগ্নিকাণ্ডের ফলে তাঁরা প্রত্যেকেই কারখানার ভিতরে আটকে পড়েন। খব পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩০টি ইঞ্জিন এবং উদ্ধারকারী দল। কারখানার ভিতরে আটকে পড়া শ্রমিকদের দমকল কর্মী ও উদ্ধারকারী দল কারখানার জানলার কাচ ভেঙে বাইরে বের করে আনেন। দমকল কর্মীরা বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সূত্রে খবর, জখম ২৬ জনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ICU-তে রাখা হয়েছে। যুগ্ম পুলিশ কমিশনার (আইন ও শৃঙ্খলা) রাজীব নারায়ণ মিশ্র জানিয়েছেন, ধোঁয়ার কারণে বহু শ্রমিকের শ্বাসকষ্ট শুরু হয়েছিল। এ ছাড়াও, উঁচু থেকে লাফিয়ে নামতে গিয়ে বা পড়ে গিয়ে কয়েকজনের হাড় ভেঙে গিয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে আহতদের অবস্থা স্থিতিশীল।

