পোলিং বুথের সংখ্যা আরও বাড়ল কমিশন ৷ শনিবার সকালে দিল্লির নির্বাচন সদন থেকে জারি করা একটি বিবৃতিতে কমিশন জানিয়েছে, ভোটারদের সুবিধের কথা মাথায় রেখে রাজ্যে আরও 4660টি পোলিং বুধ তৈরি করা হচ্ছে ৷ ভোটার সংখ্যা 1200-র বেশি এমন এলাকায় এই বুথগুলি তৈরি হবে বলে জানা গিয়েছে ৷ একইসঙ্গে 321টি পোলিং বুথের জায়গাও পরিবর্তন করা হচ্ছে ৷ নতুন ভোটগ্রহণ কেন্দ্র গুলি ধরলে এখন বাংলায় ভোটগ্রহণ কেন্দ্রের মোট সংখ্যা 85 হাজার 379টি ৷ এর আগে 15 মার্চ বাংলার ভোট ঘোষণার দিনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভোটকে উৎসবে পরিণত করতে যা যা করা দরকার তা কমিশন করবে ৷ এর মধ্যে ভোটারদের সুযোগ- সুবিধা দেওয়ার বিষয়টিকে সর্বাধিক প্রাধান্য দেওয়া হচ্ছে ৷ বাড়ির কাছাকাছি বুথ হলে ভোটারদের মধ্যে ভোটদানের আগ্রহ আরও বাড়বে বলে মনে করে কমিশন ৷ যদিও গত কয়েক দশক ধরেই বাংলার ভোটদানের হার অন্য কয়েকটি রাজ্যের থেকে বেশি হয়ে থাকে ৷ এবার সেই পরিমাণ আরও বাড়াতে চায় কমিশন ৷ শুধু বাড়ির কাছে বুধ করে নয়, আরও নানাভাবে ভোটারদের বুথমুখী করতে চাইছে কমিশন ৷ বাংলার পাশাপাশি যে চারটি রাজ্য এবং একটি কেন্দ্র শাসিত অঞ্চলে ভোট রয়েছে সেখানকার দায়িত্বে থাকা মুখ্য নির্বাচনী আধিকারিকরাও ভোটারদের মধ্যে সচেনতনতা বাড়ানোর কাজ করেছেন ৷ এবার বাংলায় বুথের সংখ্যা বাড়িয়ে ভোটারদের কমিশন ইতিবাচক বার্তা দিল বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷ তাছাড়া এপ্রিল মাসের গরমের কথাও মাথায় রাখছেন কমিশনের কর্তারা ৷ বাড়ির কাছে বুথ হলে ভোটকেন্দ্রে যেতে সমস্যায় পড়তে হবে না ভোটারদের ৷ প্রথম দফায় 23 এপ্রিল ভোট হবে বাংলায় ৷ তার দিন 20 আগে বুথের সংখ্যা বাড়ানোর আরও একটি সুনির্দিষ্ট কারণ আছে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে ৷ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের পর 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয় চূডান্ত ভোটার তালিকা ৷ তাতে দেখা যায় প্রায় 60 লক্ষ নাম আছে বিচারাধীন অবস্থায় ৷ তার মধ্যে একটি বড় অংশ তথ্যগত অসঙ্গতির তালিকাভুক্ত ৷ সে সময়ই জানা গিয়েছিল এই বিচার-পর্বে যাঁদের নাম তালিকায় যুক্ত হবে তাঁরাও ভোটে অংশ নিতে পারবেন ৷ সেই প্রক্রিয়া এখনও চলছে ৷ গত সপ্তাহ দুয়েকের মধ্যে আটটি অতিরিক্ত তালিকাও প্রকাশ করেছে কমিশন ৷ সেই হিসেবে বেশ কয়েকজনের নাম তালিকায় যুক্ত হয়েছে ৷ তবে সংখ্যা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি অবশ্য ৷ এভাবে ভোটারের সংখ্যা বাড়াও অতিরিক্ত সংখ্যক পোলিং বুথ তৈরির অন্যতম প্রধান কারণ ৷

