প্রথম দফার ১৫২ আসনে ভোট হয়েছে বৃহস্পতিবার। কিন্তু রাজ্যের বাসিন্দাদের একাংশ ভোট দিতে পারেননি বলে অভিযোগ। কারণ নাম ওঠেনি ভোটার তালিকায়। অনেকেই এখনও বিচারাধীন রয়েছেন। তাঁদের নাম ভোটার তালিকায় থাকবে কি না, তার নিষ্পত্তির কাজ চলছে। অভিযোগ, নিষ্পত্তির কাজ চলছে ঢিমেতালে। শুক্রবার বাংলার SIR মামলায় সুপ্রিম কোর্টে এমনই অভিযোগ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। ভোটার তালিকা থেকে সংখ্যালঘু ও নির্দিষ্ট সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সূর্য কান্তর ডিভিশন বেঞ্চে সেই মামলার শুনানিতেই ট্রাইব্যুনালে ঢিমেতালে কাজ হচ্ছে বলে অভিযোগ জানান রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি আদলতে বলেন, ‘২৭ লক্ষ মানুষ আবেদন করেছিলেন। কিন্তু মাত্র ১৩৬ জনের আবেদনের মীমাংসা হয়েছে।’ এর জবাবে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘এই বিষয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে যান।’ এ দিন বাংলার প্রথম দফার ভোট নিয়েও কিছুক্ষণ চর্চা হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘এ বার ৯২ শতাংশ ভোট পড়েছে। এটা ঐতিহাসিক।’ শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কমিশনের প্রশংসা করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ‘ব্যতিক্রমী শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সবাই নির্বাচন কমিশনের প্রশংসা করছে।’ প্রধান বিচারপতি সূর্য কান্তও বলেন, ‘দেশের মানুষ ভোট দিলে গণতন্ত্র মজবুত হয়।’

