রাজ্যসভার যে আপ সাংসদরা দল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, তাঁদের সাংসদ পদ খারিজের আবেদনের কথা আগেই জানিয়েছিল আম আদমি পার্টি ৷ রবিবার রাজ্যসভার চেয়ারম্যান তথা উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণাণের কাছে রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তাল-সহ সাত জনের সাংসদ পদ খারিজের আবেদন জানিয়ে চিঠি দিলেন রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং ৷ গত 24 এপ্রিল রাঘব চাড্ডা সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন, তিনি আপ ছেড়ে বিজেপি যোগ দিচ্ছেন ৷ তাঁর সঙ্গে দলের দুই-তৃতীয়াংশ সাংসদও আপ ছেড়ে গেরুয়া শিবিরে যাচ্ছেন ৷ তাঁরা সংবিধানের নিয়ম-কানুন মেনে আপ থেকে বিজেপিতে যোগ দিতে চলেছেন ৷ এর কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় দিল্লিতে বিজেপির সদর কার্যালয়ে সভাপতি নিতিন নবীনের সঙ্গে দেখা করেন রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক ও অশোক মিত্তল ৷ তাঁদের নিজের হাতে লাড্ডু খাইয়ে দলে স্বাগত জানান বিজেপি সভাপতি নিতিন ৷ আপ-এর সাত সাংসদ- রাঘব চাড্ডা, সন্দীপ পাঠক, অশোক মিত্তল, হরভজন সিং, রাজেন্দ্র গুপ্তা, বিক্রম সহানে এবং স্বাতী মালিওয়ালকে বিজেপিতে স্বাগত জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন ৷ এরপর এদিন সকালে সাংবাদিক বৈঠকে আপ সাংসদ সঞ্জয় সিং দাবি করেন, এই সাত জন সাংসদের বিজেপিতে যোগদান দলত্যাগ বিরোধী আইন মেনে হয়নি ৷ আপ রাজ্যসভার চেয়ারম্যানের কাছে এই সাত সাংসদের সদস্য পদ খারিজের আর্জি জানিয়েছে ৷ আপ-এর টিকিটে তাঁদের সংসদের উচ্চকক্ষে নির্বাচিত করা হয়েছে ৷ কিন্তু, তাঁরা পদে দল ছাড়েন এবং বিজেপিতে যোগ দেন ৷ সঞ্জয় সিং অভিযোগ করেন, এই দলত্যাগ জনাদেশ বিরোধী, বিশেষত পঞ্জাবের জন্য এবং সংবিধান-বিরুদ্ধ ৷ ঘটনাচক্রে স্বাতী মালিওয়াল বাদে বাকি ছ’জন সাংসদই পঞ্জাবের ৷

