ইডির দফতরে টানা সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হল প্রাক্তন দমকল মন্ত্রী তথা তৃণমূল নেতা সুজিত বসুকে। পুর নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছিল তৃণমূল সরকারের প্রাক্তন দমকলমন্ত্রীর। আজ সকাল থেকেই তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরেও ইডি দফতরেই বসিয়ে রাখা হয় সুজিত বসুকে। গোটা বিষয়টি দিল্লির ইডির সদর দফতরে জানান আধিকারিকেরা। আর সেখান থেকে সবুজ সঙ্কেত আসতেই রাত ৯টা ১৫মিনিটে তাঁকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। ইডি সূত্রের খবর, তাঁর বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। তদন্ত প্রক্রিয়ায় অসহযোগিতা করারও অভিযোগ উঠেছে সুজিত বসুর বিরুদ্ধে। বাজেয়াপ্ত করা হয়েছে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর মোবাইল ফোন। আজ রাতেই তাঁর শারীরিক পরীক্ষা করানো হবে বলে খবর।
প্রসঙ্গত, সোমবার সকালেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। এর আগে, ৬ মে পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে তলব করা হয়েছিল সুজিত বসুকে। তার আগেও অনেকবার প্রাক্তন দমকল মন্ত্রী সুজিতকে তলব করা হয়েছিল ইডি দফতরে কিন্তু তিনি ভোটের কাজে ব্যস্ত থাকায় হাজিরা এড়িয়ে যান তিনি। সোমবার পুর নিয়োগ দুর্নীতির মামলায় প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু সল্টলেকে সিজিও কমপ্লেক্সে ইডির তদন্তকারীদের মুখোমুখি হন। গত ১ মে সুজিত তদন্তকারীদের মুখোমুখি হয়েছিলেন। জিজ্ঞাসাবাদের পর আরও কিছু নতুন তথ্য-সহ তাঁকে তলব করা হয়েছে বলে জানিয়েছিলেন তদন্তকারীরা। সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ বেশ কিছু নথি-সহ সুজিত ইডি দফতরে আসেন। গত ২৪ এপ্রিল সাংবাদিক বৈঠক করে সুজিত জানান, “১২ জানুয়ারি রেইড হয়, দুর্গা পুজোর পরে দোকানে রেইড হয়েছে। যেদিন নমিমেশন দিতে যাচ্ছি সেদিন নোটিশ পাঠাচ্ছে। এটা ষড়যন্ত্র হচ্ছে। আইনজীবী অমলেশ রায় বলছে চার্জশিটে ওনার নাম নেই। পরবর্তীকালে আইনি পথে যাব।” ২৪ এপ্রিল সুজিত বসুকে তলব করেছিল ইডি৷ সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে আবেদন জানান তিনি৷ হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, ২৪ এপ্রিলের পরিবর্তে ১ মে সুজিত বসুকে ইডি দফতরে হাজিরা দিতে হবে৷ সেই মতো হাজিরাও দেন সুজিত। শুক্রবার সকাল ১০টা ২৫ মিনিটে ইডি দফতরে হাজিরা দেন সুজিত। সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রায় ৯ ঘণ্টা ইডি দফতরে ছিলেন সুজিত। সেখান থেকে বেরিয়ে তিনি জানান তদন্তে সহযোগিতার জন্য ডাকা হলে অবশ্যই আবার আসবেন। পাশাপাশি আরও জানান, “ব্যবসা করা কোনও অপরাধ নয়।

