অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। সোমবার বিকেলে তাঁকে দক্ষিণ কলকাতা একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, প্রস্রাবজনিত সমস্যা রয়েছে তৃণমূল বিধায়কের। তাঁকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে, মদনের শারীরিক পরিস্থিতি আপাতত স্থিতিশীল এবং চিকিৎসায় ইতিবাচক সাড়া মিলছে। পরিবার সূত্রে খবর, সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক দিনের মধ্যে তৃণমূল বিধায়ককে ছেড়ে দেওয়া হবে। এ বারের বিধানসভা নির্বাচনে নিজের ‘গড়’ কামারহাটি থেকে প্রার্থী হয়েছিলেন মদন। গোটা রাজ্যে যখন তৃণমূলের ফল খারাপ হয়েছে, মদন কিন্তু তাঁর নিজের ‘গড়’ ধরে রাখতে সক্ষম হয়েছেন। কামারহাটি থেকে জিতেছেন মদন। হঠাৎ করে বর্ষীয়ান এই নেতা অসুস্থ হয়ে পড়ায় তাঁর অনুগামীরা উদ্বিগ্ন।