পেট্রল-ডিজেলের পর এবার সিএনজি। গত এক সপ্তাহে লাফিয়ে বেড়েছে সিএনজি গ্যাসের দাম (CNG Price Hike)। মঙ্গলবার ফের কেজিপ্রতি ২ টাকা করে গ্যাসের দাম বাড়ল। এদিন থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। গত ১১ দিনে এই নিয়ে চতুর্থবার সিএনজির দাম বেড়েছে। মাত্র এক সপ্তাহে কেজিপ্রতি সিএনজির দাম বেড়েছে ১১টাকা। ফলে অটোভাড়া হুহু করে বাড়বে বলেই আশঙ্কা আমজনতার। মঙ্গলবার দিল্লিতে প্রতি কেজি সিএনজির দাম ২ টাকা করে বেড়েছে। রাজধানীতে প্রতি কেজি সিএনজির মূল্য এখন ৮৩.০৯ টাকা। কলকাতায় এদিন সিএনজির মূল্য বাড়েনি। তা সত্ত্বেও কলকাতায় প্রতি কেজি সিএনজির মূল্য ৯৩.৫০ টাকা। উল্লেখ্য, গত রবিবার কেজিপ্রতি সিএনজির দাম ১টাকা করে বেড়েছিল। তার আগে শুক্রবারও একটাকা করে বাড়ানো হয় সিএনজির দাম। গত ১৫ মে একলাফে তিনটাকা করে প্রতি কেজিতে দাম বেড়েছিল কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের। মূলত অটো এবং ছোট গাড়িতে এই গ্যাস ব্যবহৃত হয়। সিএনজির লাগাতার মূল্যবৃদ্ধিতে অটো এবং ক্যাবের ভাড়া লাফিয়ে বাড়বে বলেই আশঙ্কা।

