সোমবার মন্ত্রিসভার নতুন ৩৫ জন সদস্য শপথ নিয়েছেন। কিন্তু এখনও তাঁদের দপ্তর বণ্টন করা হয়নি। কে কোন দপ্তর পাবেন সেই জল্পনা এবং রাজনৈতিক আকচা-আকচির আবহেই মঙ্গলবার হঠাৎ দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । দলীয় সূত্রে খবর, দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করতে পারেন তিনি। বৈঠকে মূল আলোচ্য বিষয় হতে পারে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন নিয়ে। এর পাশাপাশি দিল্লিতে একটি বিশেষ বৈঠকেও মুখ্যমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে। তবে সেই বৈঠকের আলোচ্য বিষয় কী, তা এখনও জানা যায় নি। দিল্লি যাওয়ার আগে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন সকালেই সল্টলেকের বিজেপি দপ্তরে ‘জনতার দরবারে’ সাধারণ মানুষের মুখোমুখি হন তিনি। সেখান থেকে তাঁর সরাসরি তারকেশ্বর যাওয়ার কথা। তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আগামী ২০ তারিখ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারকেশ্বরে প্রধানমন্ত্রীর একটি জনসভা করার কথা রয়েছে। সেই সভার প্রস্তুতি খতিয়ে দেখতেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠক। বৈঠক শেষে সভাস্থল পরিদর্শনেও যেতে পারেন তিনি। সেখান থেকেই সরাসরি কলকাতা বিমানবন্দর হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

