দিল্লি পুলিশের স্পেশাল সেল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর মদতপুষ্ট একটি আন্তর্জাতিক জঙ্গি মডিউলের পর্দাফাঁস করেছে এবং এই চক্র থেকে সাতজন জঙ্গিকে গ্রেফতার করেছে, তবে একজন পলাতক রয়েছে। এই সিন্ডিকেটটি পাকিস্তান থেকে পঞ্জাব হয়ে দিল্লি ও এনসিআর-এ অবৈধ অস্ত্র, গোলাবারুদ এবং মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল। স্পেশাল সেলের ডেপুটি কমিশনার নারা চৈতন্যর মতে, পুলিশ দলগুলি দেশে স্লিপার মডিউলের মাধ্যমে সক্রিয় জঙ্গি নেটওয়ার্কগুলির কার্যকলাপের ওপর নজর রাখছে। বিভিন্ন অভিযানে সংগৃহীত তথ্য থেকে পাকিস্তান-ভিত্তিক গ্যাংস্টার থেকে জঙ্গি বনে যাওয়া শাহজাদ ভাট্টির নেতৃত্বে দ্রুত গড়ে ওঠা একটি সংগঠিত জঙ্গি ইকোসিস্টেমের অস্তিত্ব প্রকাশ পেয়েছে। এদিকে, গত মাসে গোয়েন্দা তথ্য পাওয়া গিয়েছিল যে, শাহজাদ ভাট্টি ও আজমল গুজ্জর আইএসআই-এর নির্দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে নিয়োগ করা যুবকদের দিয়ে দিল্লি ও এনসিআর-এ হামলার পরিকল্পনা করছিল। এই তথ্যের ভিত্তিতে, এসিপি কৈলাশ সিং বিস্তের তত্ত্বাবধানে ইন্সপেক্টর রাহুল কুমার, বিনীত কুমার তেওয়াতিয়া এবং অজিত কুমারের নেতৃত্বে গঠিত একটি দল দিল্লির যমুনা বিহার থেকে গাজিয়াবাদ জেলার লোনি এলাকার যুবক মোহিত ওরফে যোগীকে গ্রেফতার করে। তাকে আজমল নিয়োগ করেছিল।