‘এক দেশ এক ভোট’ সংক্রান্ত বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) সুপ্রিম কোর্টের বিচারপতিদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিল। কিন্তু বিরোধীদের তীব্র বিরোধিতার জেরে শেষে বাতিলই হয়ে গেল সেই বৈঠক। শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘এক দেশ এক ভোট’ কার্যকর করতে কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত সংবিধান সংশোধনী বিল চ্যালেঞ্জ করে ভবিষ্যতে মামলা হতে পারে। তাই বিচারপতিদের সঙ্গে এই বিল নিয়ে আলোচনা করা উচিত নয়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের তরফে জানানো হয়েছে, ১২৯তম সংবিধান সংশোধনী নিয়ে জেপিসি-র সঙ্গে বিচারপতিদের আগামী ৬ অক্টোবর যে বৈঠক হওয়ার কথা ছিল, তা নিয়ে বিচারপতিরা নিজেদের মধ্যে আলোচনা করেছেন। সেই আলোচনার পরে বিচারপতিরা মনে করেছেন, ভবিষ্যতে বিষয়টির সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে মামলা হতে পারে শীর্ষ আদালতে। তাই বিলটির প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করা উচিত নয়। এমন বৈঠকের যৌক্তিকতা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। তাঁরই মত ছিল, যে আইন ভবিষ্যতে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, সেই আইন কতটা ভাল, তা নিয়ে বিচারপতিদের সঙ্গে সংসদীয় কমিটির সদস্যরা কী ভাবে আলোচনা করতে পারেন? সিবালের মতে, এই পদক্ষেপ ‘অসাংবিধানিক’ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণের পরিপন্থী। জেপিসির সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রস্তাবিত এই বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আসার পরে এ নিয়ে ক্ষোভ জানিয়ে সিবাল বলেন, ‘যৌথ সংসদীয় কমিটি কী ভাবে প্রধান বিচারপতির কাছে গিয়ে এমন একটি সাক্ষাতের জন্য অনুরোধ করার কথা ভাবতে পারল? দেশের শাসনব্যবস্থার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং সংবিধানের কার্যপ্রণালীর সঙ্গে সম্পর্কিত প্রশ্ন এই বিলের সঙ্গে জড়িত। এটা জানা সত্ত্বেও বিচারবিভাগ কী ভাবে এই আমন্ত্রণ গ্রহণ করল?’ লোকসভার সঙ্গে বিধানসভার ভোটের লক্ষ্যে ‘এক দেশ এক ভোট’ বিল এনেছিল সরকার। যা বর্তমানে সংসদের জেপিসি-র কাছে। কমিটির চেয়ারম্যান পিপি চৌধুরীর মতে, ২০২৮ সালের মধ্যে সংসদে সংবিধান সংশোধন করে যদি ওই বিলটি পাশ করানো সম্ভব হয়, তা হলে ২০২৯ সালে লোকসভা নির্বাচনের সঙ্গে ইচ্ছুক রাজ্য চাইলে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে পারে। পিপি চৌধুরীর দাবি, সংবিধান সম্পর্কে একাধিক বিশেষজ্ঞ এবং বিভিন্ন হাইকোর্টের একাধিক প্রাক্তন প্রধান বিচারপতি জানিয়েছেন, এর সঙ্গে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বা সংবিধানের মূল কাঠামোয় হস্তক্ষেপ হওয়ার কোনও সম্ভাবনা নেই। বিরোধীদের পাল্টা বক্তব্য, দেশের মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর ফিকির খুঁজতেই এ নিয়ে অযথা বিতর্ক তৈরি করছে সরকার।
‘এক দেশ এক ভোট’: সংসদীয় কমিটির সঙ্গে বৈঠকে বসবেন না সুপ্রিম কোর্টের বিচারপতিরা
Byবঙ্গনিউজ
Oct 2, 2026
