৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও বিশ্বকাপ থেকে ছিটকে গেল মিশর ৷ আর প্রত্যাবর্তনের নয়া রূপকথা লিখে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়নরা ৷ আর্জেন্তিনা হেরে গেলে অন্যতম সেরা অঘটনের সাক্ষী থাকত বিশ্বকাপ ফুটবল ৷ কিন্তু দু’গোলে পিছিয়ে পড়ে আর্জেন্তিনার এই জয়ের পরতে পরতেও মিশে রইল নাটক ৷ ফুটবলদেবতার লিখে রাখা এই ম্যাচের চিত্রনাট্য মিশরের জন্য হৃদয়ভঙ্গের হলেও বিশ্ব ফুটবলের মহামঞ্চে অন্যতম সেরা ম্যাচের সাক্ষী রইলেন অনুরাগীরা ৷ নাটকের সব উপাদান মজুত ছিল শুরু থেকেই ৷ খেলার গতির বিরুদ্ধে ম্যাচের 15 মিনিটে লিড নেয় মিশর ৷ মারওয়ান আত্তিয়ার ক্রস থেকে ইয়াসির ইব্রাহিম হেডে এগিয়ে দেন আফ্রিকার দেশকে ৷ কয়েকমিনিটের মধ্যেই সেই গোল শোধের সুযোগ চলে এসেছিল নীল-সাদা জার্সিধারীদের সামনে ৷ কিন্তু চলতি বিশ্বকাপে দ্বিতীয়বার পেনাল্টি মিস করে দলকে সমতা ফেরানোর সুযোগ হাতছাড়া করেন লিয়োনেল মেসি ৷ বলা ভালো গোলরক্ষক মোস্তাফা শোবেইরের দস্তানায় দুর্গ অক্ষত থাকে মিশরের ৷ একাধিক ভালো সেভ করলেন শোবেইর ৷ মাঝমাঠের দখল নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি ‘লা-আলবিসেলেস্তে’ ৷ দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে ওঠে আর্জেন্তিনা ৷ উল্টোদিকে বিপক্ষের আলগা রক্ষণের সুযোগ নিয়ে প্রতি-আক্রমণে 67 মিনিটে গোল করে যায় মিশর ৷ মাঝমাঠে একটা দুরন্ত সোলো রানের পর মোহামেদ সালাহ বল বাড়িয়ে দেন হাইসেম হাসান’কে ৷ এরপর হাসানের কাটব্যাক থেকে 2-0 করেন মোস্তাফা জিকো ৷ তার কয়েক মিনিট আগেই অবশ্য প্রতি-আক্রমণ থেকে আরেকটি গোল করেছিলেন জিকো ৷ কিন্তু গোলটির বিল্ড-আপের শুরুতে আর্জেন্তিনা ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজকে ফাউল করা হলে ভিএআরের সাহায্যে তা বাতিল করেন রেফারি ৷ দু’গোলে পিছিয়ে পড়ে তাগিদ আরও বাড়ায় বিশ্বচ্যাম্পিয়নরা ৷ ফল মেলে হাতেনাতে ৷ মেসির ঠিকানা লেখা ক্রস থেকে হেডে 2-1 করেন ক্রিশ্চিয়ান রোমেরো ৷ চার মিনিট বাদে স্কোরশিটে নাম তোলেন স্বয়ং মেসি ৷ দলের একটি আক্রমণ মিশর রক্ষণে আংশিক প্রতিহত হলে বক্সের মধ্যে জোরালো ভলিতে 2-2 করেন ‘এলএম টেন’ ৷ এই গোলের সঙ্গেই একটি বিশ্বকাপে সর্বাধিক আট গোল করে রোনাল্ডো নাজারিয়োর রেকর্ড ছুঁলেন মেসি ৷ একইসঙ্গে চলতি বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবক’টিতেই স্কোরশিটে নাম তুললেন তিনি ৷ আর্জেন্তিনার জয়সূচক গোল এঞ্জো ফার্নান্দেজের ৷ দ্বিতীয় গোলের পর খানিকটা হতোদ্যম এবং একইসঙ্গে সমতা ফেরানোর লক্ষ্যে মরিয়া ছিল মিশর ৷ তখনই রক্ষণের ফাঁকফোকর খুঁজে এই গোলের কারিগর পরিবর্ত লাউতারো মার্তিনেজ ৷ ডানপ্রান্ত থেকে তাঁর ঠিকানা লেখা ক্রস থেকে হেডে 3-2 করেন চেলসি ফুটবলার ৷ এই গোলের সঙ্গেই জয় নিশ্চিত করে কোয়ার্টারে পৌঁছয় আর্জেন্তিনা ৷

