banganews.net

সিকিমের টানেল ধস ও বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 20 ৷ সোমবার দুপুরে সিকিমের নামচির সমারডুং এলাকায় নির্মাণাধীন টানেলে আচমকা ভয়াবহ মিথেন গ্যাস বিস্ফোরণ ও ধসের ঘটনায় প্রাণ হারান বহু শ্রমিক। সময় যত গড়াচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির করুণ ছবি। টানেলের গভীর আঁধারে এখনও আটকে রয়েছেন একাধিক শ্রমিক। প্রাকৃতিক প্রতিকূলতা, বিষাক্ত গ্যাসের উপস্থিতি এবং অক্সিজেনের তীব্র অভাবের মতো মারাত্মক বাধা অতিক্রম করে সেখানে যুদ্ধকালীন তৎপরতায় তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। ঘটনার সূত্রপাত দুপুর 1টা 30 মিনিট নাগাদ ৷ শ্রমিকদের মধ্যাহ্নভোজের বিরতি চলার সময় ঘটে এই ভয়াবহ বিপর্যয়। প্রাথমিক সূত্রে জানা গিয়েছিল, টানেলের ভিতরে 27 জন শ্রমিক কর্মরত ছিলেন। আকস্মিক ধস ও বিস্ফোরণের মুখে পড়েও দু’জন কোনওক্রমে বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন। মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছন সিকিমের রাজ্যপাল ওম প্রকাশ মাথুর এবং মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সমগ্র পরিস্থিতি ও উদ্ধার অভিযান খতিয়ে দেখেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, “ভিতরে প্রায় 27 জন ছিলেন। তার মধ্যে 2 জন বাইরে বেরিয়ে আসতে পেরেছিলেন ৷ বাকিরা আটকে পড়েন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রাজ্য প্রশাসন, সিকিম পুলিশ, এসডিআরএফ, এনডিআরএফ- সবাই মিলে উদ্ধারকাজে নামে। এখন আমরা সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করছি ৷ কোথায় কী খামতি রয়ে গেল, কী ধরনের গাফিলতি ছিল এবং আগামিদিনে আমাদের কী কী পদক্ষেপ নেওয়া উচিত- তা বোঝার চেষ্টা করছি। তদন্তে যদি দেখা যায় যে কোম্পানির কোনও গাফিলতি ছিল, তবে অবশ্যই উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি, রাজ্য সরকারের পক্ষ থেকে মৃত ব্যক্তিদের পরিবারকে 4 লক্ষ টাকা করে এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের 50 হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে।”

উদ্ধারের কাজে তদারকি করতে ইতিমধ্যেই দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী বিশাল লামা এবং দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা-সহ অনেকে ৷ উদ্ধার অভিযানের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের সুপারিন্টেনডেন্ট অভিজিৎ কুন্ডু বলেন, “এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে, ওখান থেকে যাঁদের বের করে আনা হয়েছে, তাঁদের সকলেরই মৃত্যু হয়েছে। আমি এবং আমার সহযোগীরা যা দেখতে পেয়েছি, ভেতরে আরও প্রায় 7-8 টি দেহ পড়ে রয়েছে। তাঁদের দেহে প্রাণ থাকার কোনও সম্ভাবনা নেই। তবে ওই জায়গা থেকে দেহ বের করে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। এখন পর্যন্ত ভিতর থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।”