উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস ৷ পাশাপাশি উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস । পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন দুই বঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে ।
বুধবার উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা ও দুই দিনাজপুর জেলার কয়েকটি জায়গায় ভারীবৃষ্টির সম্ভাবনাও রয়েছে । 23 থেকে 26 জুলাই অর্থাৎ, বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বেশিরভাগ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলতে পারে ।
চলতি সপ্তাহে দক্ষিণে আবহাওয়া যেমন থাকবে
দক্ষিণবঙ্গেও বুধবার অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । দুই 24 পরগনার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি (7 থেকে 11 সেন্টিমিটার) হতে পারে । পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলার এক-দু জায়গায় বজ্রপাত এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে ।
বৃহস্পতিবার দুই 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় এক-দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । সেদিনও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে ।
24 জুলাই শুক্রবার মূলত পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর এবং দুই 24 পরগনার এক-দু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে ।
25 ও 26 জুলাই অর্থাৎ, শনি ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে । চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও বৃষ্টির দাপট চলবে । কখনও কোনও কোনও জেলায় ভারী থেকে অতিভারী আবার কখনও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।

