আমেরিকার ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর ট্রাম্প প্রশাসনের জারি করা স্থগিতাদেশের নীতি বাতিল করেছে দেশটির একটি ফেডারেল আদালত। ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট ভার্গস এই রায় ঘোষণা করে বলেন, ‘‘বিদেশসচিব মার্কো রুবিয়ো আইনগত এক্তিয়ারের সীমা ছাড়িয়ে ওই নীতি ঘোষণা করেছিলেন. চলতি বছরের জানুয়ারি মাসে ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়া বন্ধ করার কথা ঘোষণা করেছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার। বিদেশসচিব রুবিয়ো জানিয়েছিলেন, সংশ্লিষ্ট দেশের নাগরিকদের অনির্দিষ্টকালের জন্য অভিবাসী ভিসা দেওয়ার প্রক্রিয়া বন্ধ থাকবে। ওই ঘোষণার আগেই লক্ষাধিক ভিসা বাতিল করার কথাও ঘোষণা করেছিল হোয়াইট হাউস।

৭৫টি দেশের এই তালিকায় ভারতের প্রতিবেশী দেশগুলোর মধ্যে পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, মায়ানমার, নেপাল এবং ভুটানের নাম ছিল। এ ছাড়া রাশিয়া, ইরান, ইরাক, ইয়েমেন, মিশর, থাইল্যান্ড, ব্রাজিল, বেলারুশ ও বসনিয়া-হার্জেগোভেনিয়ার মতো দেশগুলোর নাগরিকদের ওপরও এই সিদ্ধান্ত কার্যকর করার কথা ছিল। হোয়াইট হাউসের পক্ষ থেকে তখন একটি লিখিত বিবৃতিতে জানানো হয়েছিল— ‘‘ওই সমস্ত দেশের অভিবাসীরা অন্যায়ভাবে মার্কিন নাগরিকদের জনকল্যাণে ভাগ বসান। তাই নতুন অভিবাসীরা মার্কিন নাগরিকদের সম্পদ হরণ করবেন না- এটা নিশ্চিত না-করা পর্যন্ত ভিসার স্থগিতাদেশ বহাল থাকবে।’’ ম্যানহাটানের মার্কিন ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জ্যানেট তাঁর রায়ে স্পষ্ট করে জানান, আমেরিকার অভিবাসন আইনে অভিবাসী ভিসার আবেদন প্রক্রিয়া বিবেচনার ক্ষেত্রে বিদেশসচিব এবং তাঁর দপ্তরের ক্ষমতা সুনির্দিষ্টভাবে নির্ধারিত রয়েছে। এক্তিয়ার বহির্ভূত পর্যালোচনার মাধ্যমে এধরনের সিদ্ধান্ত গ্রহণের কোনও আইনি সুযোগ সেখানে নেই।