banganews.net

শিল্প সম্ভাবনার কথা আলোচনা করতেই রাজ্যে এসেছেন গৌতম আদানি (Gautam Adani)। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। নিউ টাউনে আদানিদের হাসপাতালের ভূমিপূজনও হওয়ার কথা। তার আগেই খুলে দেওয়া হল আদানিদের বিশেষ ওয়েবসাইট। এবার বাংলার দুর্গাপুজোয় (Durga Puja) বাছাই করা পুজো কমিটিকে অনুদান দিতে চলেছে আদানিরা। আজ বুধবার থেকে কলকাতা, বিধাননগর এবং সাউথ দমদম জুড়ে বারোয়ারি দুর্গা পুজোর শিল্পীদের জন্য ওয়েবসাইট খুলে দিয়েছে আদানি গ্রুপ। ওয়েবসাইটের ‘Register’ ট্যাবে গিয়ে নাম নথিভুক্ত করতে পারবে পুজো কমিটিগুলি। আগামী ২৫ সেপ্টেম্বর পর্যন্ত রেজিস্টার করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে কমিটিগুলিকে। বাছাই করা পুজো কমিটিগুলিকে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানিরা।

‘এশিয়ান পেন্টস শারদ সম্মান’, ‘বার্জার প্রিয় পুজো’, ‘এক্সাইড আমিই শ্রেষ্ঠ শারদ সম্মান’, ‘নেরোল্যাক সেরা পাড়া সেরা পুজো’, ‘স্নোসেম পুজো পারফেক্ট’–এর পরে এ বার কলকাতায় পুজোয় প্রবেশ আদানি গোষ্ঠীর। পুজোর মণ্ডপে সাধারণ দর্শকদের ভিড় শুরু হওয়ার আগেই নির্বাচিত আটটি পুজো ঘুরে দেখার সুযোগ করে দিতে ‘দুর্গাপুজো প্রিভিউ ট্যুর’–এর পরিকল্পনা করেছে দেশের অন্যতম অগ্রণী এই শিল্পগোষ্ঠী। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘দুর্গা পূজা আদানি প্রিভিউ’। ১০, ১১ ও ১২ অক্টোবর অর্থাৎ, মহালয়ার পরেই তিন রাত ধরে চলবে এই বিশেষ পরিক্রমা। পুজোর ঢাকে কাঠি পড়ার আগেই এ বার কলকাতার পুজোয় যোগ হচ্ছে এই নতুন আকর্ষণ। আদানি গোষ্ঠীর এই উদ্যোগে দেশ-বিদেশের আমন্ত্রিত অতিথিরা শহরের বাছাই করা আটটি পুজো ঘুরে দেখবেন। প্রতিমা, মণ্ডপ, আলোকসজ্জা, শিল্পভাবনা এবং বাংলার দুর্গাপুজোর ঐতিহ্য তুলে ধরাই এই প্রিভিউয়ের মূল লক্ষ্য। সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত চলবে পরিক্রমা। সাধারণ দর্শনার্থীদের ভিড় এড়িয়ে প্রথমা ও দ্বিতীয়ার আগে এই আয়োজন করার পরিকল্পনা হয়েছে। জানা গিয়েছে, এই প্রিভিউ শুধুই কর্পোরেট অতিথিদের জন্য নয়। প্রবীণ নাগরিকদেরও এখানে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, ১০ হাজারেরও বেশি প্রবীণকে এই পরিক্রমার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিল্পী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংবাদমাধ্যম, ইনফ্লুয়েন্সার, শিক্ষাবিদ, পড়ুয়া, কর্পোরেট প্রতিনিধি এবং পুজো উদ্যোক্তাদেরও আমন্ত্রণ জানানো হবে। প্রবেশের জন্য কোনও টাকা লাগবে না। কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থায় প্রবেশের অনুমতি নিতে হবে। আদানির এই উদ্যোগের সঙ্গে আর্থিক সহায়তার বিষয়টিও যুক্ত। নির্বাচিত আটটি পুজো এবং সংশ্লিষ্ট কিউরেটিং শিল্পীদের ২৫ লক্ষ টাকা করে অনুদান দেবে আদানি ফাউন্ডেশন। সংস্থার পরিকল্পনা, এর মাধ্যমে দুর্গাপুজোর শিল্পভাবনা ও আয়োজনকে উৎসাহ দেওয়ার পাশাপাশি রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষের কাছেও উৎসবের আর্থিক সুফল পৌঁছে দেওয়া।  আদানি গোষ্ঠীর পক্ষ থেকে এর জন্য অফিশিয়াল ওয়েবসাইট http://durgapujaaadani.in/ লঞ্চ করা হয়। জানানো হয়েছে, ২৫ সেপ্টেম্বর রাত ১২টার আগে শিল্পীদের নিজেদের নমিনেশন জমা দিতে হবে। কোন আটটি পুজো এই তালিকায় থাকবে, তা এখনও চূড়ান্ত হয়নি। পুজোর অবস্থান, নান্দনিকতা, ব্যবস্থাপনা, নিরাপত্তা, যাতায়াত এবং মহালয়ার মধ্যে প্রস্তুতি শেষ করার সক্ষমতা বিবেচনা করে নির্বাচন হবে। আগামী দিনে প্রিভিউয়ে পুজোর সংখ্যা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে।

শিল্পীদের কী কী করতে হবে

সব ফর্ম শুধুমাত্র ওয়েবসাইটের মাধ্যমেই জমা দিতে হবে।

সব বাধ্যতামূলক ফিল্ড পূরণ করতে হবে।

একটি বারোয়ারি দুর্গা পুজোর তরফে শুধুমাত্র একজন শিল্পীই ফর্ম জমা দিতে পারবেন।

পুজো কমিটি কলকাতা পুরসভা, বিধাননগর পুরসভা বা দক্ষিণ দমদম পুরসভা এলাকার মধ্যে হতে হবে।

এই অনুদানের যোগ্য হতে হলে পুরো পুজোর ইনস্টলেশন ৮ অক্টোরের মধ্যে শেষ করতে হবে।

নির্বাচিত পুজোগুলি কী কী পাবে

নির্বাচিত ৮টি পুজোর প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে।

১০ লক্ষ টাকা করে পাবেন প্রধান শিল্পী। ১৫ লক্ষ টাকা করে পাবে পুজো কমিটিগুলি।

নির্বাচিত পুজো মণ্ডপগুলিতে দর্শকদের প্রবেশ হবে বিনামূল্যে।

১০ থেকে ১২ অক্টোবর, সন্ধ্যা ৬টা থেকে ভোর ৪টে পর্যন্ত নির্বাচিত ভেন্যুগুলিতে ওই পুজোর জন্য শুধুমাত্র একটি এন্ট্রি থাকবে।

নির্বাচিত পুজোর ইনস্টলেশনগুলি আদানি গ্রুপ মিউজিয়াম, আর্ট এক্সিবিশনে প্রদর্শিত করা হতে পারে।

২৫শে সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:৫৯ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার সময় আছে। ওয়েবসাইটটি হল- http://durgapujaadani.in/।