লক্ষ্মীপুজোর আবহে ফের অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি। বিজেপি (BJP) সরকারের বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার, পুলিশি জুজু এবং অর্থের বিনিময়ে দল ভাঙানোর মারাত্মক অভিযোগ তুলে সুর চড়ালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক সর্বভারতীয় সংবাদসংস্থার মুখোমুখি হয়ে তিনি ক্ষোভ উগরে দেন যে, ডিএম, বিডিও এবং এসপি-দের ব্যবহার করে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অকারণে ভয় দেখানো হচ্ছে। তৃণমূল সুপ্রিমোর অভিযোগ, অন্যান্যদের জন্য আইনি কাগজপত্র থেকে সমস্ত পথ সহজ করে দেওয়া হলেও তৃণমূলের (TMC) নেতাকর্মীদের কাজ আটকে রাখা হচ্ছে। এমনকী তাঁর ব্যক্তিগত কার্যালয়ে আসার ক্ষেত্রেও সাধারণ মানুষের ওপর বাধা সৃষ্টি করা হচ্ছে। স্বাধীনতার ইতিহাস স্মরণ করিয়ে তিনি কটাক্ষ করেন, আজ অর্থের জোরে লোক কিনে রাজনীতি চলছে এবং জেলে ভরার হুমকি দেওয়া হচ্ছে। বিশ্ববাংলা ব্র্যান্ড ভাঙচুর এবং লোগো সরিয়ে দেওয়ার তীব্র প্রতিবাদ জানিয়ে মমতা সাফ জানান, চেয়ার কখনও চিরস্থায়ী নয়, জনগণের রায়ই শেষ কথা। পিছন থেকে ষড়যন্ত্র না করে বিজেপিকে সরাসরি রাজনৈতিক ময়দানে লড়ার খোলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি। নেতাজি ও স্বামীজির আদর্শ স্মরণ করিয়ে তাঁর স্পষ্ট বার্তা—নেতারা কখনও দুর্বৃত্তদের পথপ্রদর্শক হতে পারেন না।