ক্যামাক স্ট্রিটের অফিস থেকে বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে গোলমালের ঘটনায় ফের পুলিশের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । রবিবারই নোটিশ দিয়ে তাঁকে জানানো হয় যে, সোমবার শেক্সপিয়র সরণি থানায় তাঁকে হাজিরা দিতে হবে ৷ তবে এদিন তিনি থানায় হাজির হননি ।

সূত্রের খবর, জিজ্ঞাসাবাদের জন্য হাজির হওয়ার আগে অন্তত 48 ঘণ্টা সময় চেয়ে থানায় ইমেল করেছেন অভিষেক । সংসদ সদস্য হিসেবে তাঁর পূর্বনির্ধারিত কর্মসূচি থাকার কথা উল্লেখ করে, পর্যাপ্ত সময় দিয়ে নতুন করে নোটিশ পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি । একইসঙ্গে, তদন্তে সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তৃণমূল সাংসদ । রবিবার কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁকে নোটিশ দিয়ে এসেছিলেন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা । সোমবার সকালে থানায় হাজির হয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল । কিন্তু নির্ধারিত সময়ে তিনি হাজিরা দেননি । সূত্রের খবর, ইমেলে অভিষেক জানিয়েছেন, 11 অক্টোবর তাঁকে নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরের দিনই থানায় হাজির হতে বলা হয় । এত অল্প সময়ের মধ্যে পূর্বনির্ধারিত কর্মসূচি সামলে হাজিরা দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি । নতুন করে নোটিশ পাঠিয়ে অন্তত 48 ঘণ্টা সময় দেওয়ার আবেদন জানিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ । পুলিশের বক্তব্য ছিল, বিলবোর্ডটি বেআইনি ভাবে লাগানো ছিল এবং বিপজ্জনক অবস্থায় ঝুলছিল । সেটি এলাকার মানুষের নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ হওয়ায় সরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানানো হয় । অন্যদিকে, বিলবোর্ড খোলাকে কেন্দ্র করেই সেদিন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে । পরে একই জায়গায় তৃণমূলের নামাঙ্কিত ব্যানার লাগানো হয় । এই ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলাগুলির তদন্তের স্বার্থেই অভিষেককে ফের জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা । এর আগেও, ক্যামাক স্ট্রিটের ঘটনা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল পুলিশ । সেই সময় তিনি হাজিরাও দিয়েছিলেন । তবে তদন্তের প্রয়োজনে ফের তাঁকে তলব করা হয়েছে বলে জানানো হয়েছে । এর আগে নোটিশ দেওয়ার জন্য পুলিশ তাঁর বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি । সেই সময় অভিষেক দিল্লিতে ছিলেন । বাড়িতে নোটিশ গ্রহণ করার মতো কেউ না-থাকায় পুলিশকে ফিরে যেতে হয় । শনিবার দিল্লি থেকে কলকাতায় ফেরেন তৃণমূল সাংসদ । এরপর রবিবার ফের কালীঘাটের বাড়িতে গিয়ে নোটিশ দিয়ে আসেন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা । সোমবার হাজিরা না-দিলেও তদন্তে অসহযোগিতা করার কথা জানাননি অভিষেক । বরং, থানায় গিয়ে তদন্তকারীদের সঙ্গে কথা বলতে তিনি প্রস্তুত বলে ইমেলে জানিয়েছেন । তবে জিজ্ঞাসাবাদের আগে পর্যাপ্ত সময় দেওয়ার দাবি তুলেছেন তিনি । এখন পুলিশের তরফে নতুন করে নোটিশ পাঠানো হয় কি না, সেটাই দেখার ।