চারটি রাজ্যে বিধান পরিষদ নির্বাচনে মাত্র একটি আসন জিতেছে কংগ্রেস। কর্ণাটক, বিহার, উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের 28টি আসনের মধ্যে একটিতে জিতেছেন কংগ্রেস প্রার্থী। নাগপুর ডিভিশনের গ্রাজুয়েট আসনে জিতেছেন অভিজিৎ ওয়ানজারি ৷ ব্যালট পেপারে হওয়া নির্বাচনে কংগ্রেসের এই খারাপ ফলের পর কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে বিজেপি সভাপতি নীতিন নবীন । পাল্টা হাত শিবিরের দাবি প্রধানমন্ত্রী যদি এতই আত্মবিশ্বাসী, তাহলে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ব্যালট পেপারে করে দেখান।চারটি রাজ্যের মধ্যে একমাত্র কর্নাটকে এখন সরকারে রয়েছে কংগ্রেস। কিন্তু সেখানেও চারটি আসনে হারতে হয়েছে হাত শিবিরকে। এই চারটির মধ্যে তিনটি আগেই বিজেপির কাছে ছিল। কংগ্রেসের থেকে একটি আসন ছিনিয়ে নিয়েছে গেরুয়া শিবির। কর্ণাটকের বিজেপি সভাপতি বি ওয়াই বীজেন্দ্র দাবি করেছেন, এই ফলাফলের মাধ্যমে স্পষ্ট রাজ্যের মানুষ সরকারের উপর আস্থা রাখতে পারছেন না। শুধু তাই নয়, 2028 সালে বিধানসভা নির্বাচনে কর্নাটকে বিজেপি যে কংগ্রেসকে হারিয়ে জয়ী হবে, সে বিষয়ে নিশ্চিত বীজেন্দ্র। তাঁর মতে, এই নির্বাচনের ফলাফল থেকে এই ব্যাপারটাই স্পষ্ট হয়েছে ।কংগ্রেসের ফলাফল খারাপ হলেও ইন্ডিয়া শিবিরের অন্যান্য দল যেমন মহারাষ্ট্রে শরদ পাওয়ারের নেতৃত্ব থাকা এনসিপি অথবা উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি এবং বিহারের রাষ্ট্রীয় জনতা দল কয়ে কটি ক্ষেত্রে ভালো ফলাফল করেছে। কিন্তু কংগ্রেস মাত্র একটি আসন জেতায় কটাক্ষ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “চারটি রাজ্যে বিধান পরিষদে ভোট হয়েছিল । প্রতিটি ক্ষেত্রে ব্যালট পেপারেই নির্বাচন হয় । অনুমান করুন, কংগ্রেস কটি আসনে জয়ী হয়েছে ।” বিজেপি সভাপতির দাবি, এই ফলাফল থেকে আরও একবার স্পষ্ট হয়ে গেল মানুষ কংগ্রেসকে প্রত্যাখ্যান করছে । লোকসভা বা বিধানসভা যে কোনও নির্বাচনই হোক না কেন কংগ্রেস বারবার মানুষের আস্থা অর্জন করতে ব্যর্থ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে থাকা বিজেপির উপরই আস্থা রাখছেন দেশের সাধারণ মানুষ ।কংগ্রেস নেতা পবন খেরা বিজেপিকে নিশানা করে জানান, প্রধানমন্ত্রী যদি এতটাই আত্মবিশ্বাসী হয়ে থাকেন তাহলে বিধানসভা বা লোকসভা নির্বাচন ব্যালাট পেপারে করানোর ব্যবস্থা করুন । এসআইআর প্রত্যাহার করে যে 13 কোটি ভোটারের নাম বাদ গিয়েছে তাঁদের নাম ভোটার তালিকায় ফিরিয়ে আনুন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ করুন ।
রাজনৈতিক মহল মনে করছে, ব্যালট পেপারের কথা বলে প্রধানমন্ত্রী যেভাবে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তার বিশেষ কারণ আছে । গত বেশ কয়েক বছর ধরে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি দাবি করে বিজেপির নির্বাচনী জয়ের নেপথ্যে অন্যতম বড় কারণ ইভিএম । সেখানে ইচ্ছাকৃতভাবে গোলমাল করেই বিজেপি ক্ষমতা ধরে রেখেছে । আর সেখান থেকেই এবার ব্যালট পেপারে হওয়া বিধান পরিষদ নির্বাচনে বড় জয় পেয়ে হাত শিবিরকে তোপ দেগেছে বিজেপি ।

