অবতরণের মুখে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, মুহূর্তে ভেঙে পড়ল দু’টি হেলিকপ্টারই ৷ এভারেস্টের বেসক্যাম্পের কাছে মঙ্গলবার সকালের মর্মান্তিক এই ঘটনায় প্রাণ হারালেন এক ভারতীয় ৷ মৃত ওই ভারতীয় যাত্রীর নাম, বসন্ত কুমার বলরামারামাদু ৷ বয়স 47 ৷ পুলিশ জানিয়েছে, নেপালের সোলুখুম্বু জেলায় ভেঙে পড়ে হেলিকপ্টার দু’টি ৷ নেপাল পুলিশের বিবৃতি অনুযায়ী, মঙ্গলবার সকাল 8.11 (স্থানীয় সময়) নাগাদ সোলুখুম্বু জেলায় খুম্বু পাসাং লামু গ্রামীণ পুরসভার 4 নম্বর ওয়ার্ডের ফেরিচের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ হয় নামার মুখে ৷ ফিশটেল এয়ার এবং এয়ার ডাইনাস্টি নামে দুই সংস্থার হেলিকপ্টার দু’টিতে সংঘর্ষের সময় মোট কতজন ছিলেন, তা এখনও স্পষ্ট নয় ৷ মাউন্ট এভারেস্টের বেস ক্যাম্পের দিকে যেতেই ফেরিচে এলাকাটি পড়ে ৷ কাঠমান্ডু থেকে 150 কিলোমিটার উত্তরপৃর্বে ৷ পুলিশ ইনস্পেক্টর মৌসম তামাং জানিয়েছেন, মৃত ভারতীয় যাত্রী ছিলেন ফিশটেল এয়ার-এর হেলিকপ্টারে ৷ ওই একই হেলিকপ্টারে ছিলেন আর এক ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের বাসিন্দা শৈলেসকৃষ্ণ প্যাটেল ৷ তাঁর বয়স 49 ৷ তিনি এই দুর্ঘটনায় আহত হয়েছেন ৷ তাঁকে এয়ারলিফট করে কাঠমান্ডুর মেডিসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ দুর্ঘটনার ভিডিয়ো ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ৷ যা দেখে মনে হচ্ছে, যেন দুটো খেলনা হেলিকপ্টার খুব কাছে চলে এসে ধাক্কা লেগে যায় দু’টির মধ্যে ৷ ফিশটেল এয়ার-এর নেপালি পাইলট রবীন্দ্র প্রজাপতি এবং এয়ার ডাইনাস্টি-র নেপালি বিমানচালক প্রজ্জ্বল কেসি জখম হয়েছেন দুর্ঘটনায় ৷ তাঁদেরও নিয়ে যাওয়া হয়েছে কাঠমান্ডুর হাসপাতালে ৷ পুলিশ জানিয়েছে, বলরামারামাদু-র দেহ লুকলার হাসপাতালে পাঠানো হয়েছে ৷

