রুটিন মহড়া চলাকালীন সেনাবাহিনীর সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু দুই জওয়ানের। হরিয়ানার হিসারের ভোজরাজ গ্রামের এই ঘটনা শনিবার ঘটলেও সোমবার প্রকাশ্যে এসেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম নায়েক মণীশ কুমার এবং নায়েক অঙ্কুশ কুমার। মণীশের বাড়ি উত্তরপ্রদেশের শামলিতে। অঙ্কুর উত্তরপ্রদেশের বদায়ুনের বাসিন্দা। এ বিষয়ে হিসার থানার তদন্তকারী অফিসার অশোক কুণ্ডু জানান, শনিবার দুপুর ৩টে নাগাদ হিসারের ভোজপুর গ্রামে সেনার মহড়া চলছিল। ৩২টি ট্যাঙ্ক একত্রে মহড়া চালাচ্ছিল। তেমনই একটি ট্যাঙ্কের সামনে বসেছিলেন অঙ্কুর ও মণীশ। এক সঙ্গে এতগুলি ট্যাঙ্ক চলার কারণে বিপুল পরিমাণ ধুলো উড়ছিল। এর ফলে ট্যাঙ্কের চালক বুঝতেই পারেননি কখন অঙ্কুর এবং মনীশ ট্যাঙ্ক থেকে পড়ে গিয়েছেন। তাঁদের শরীরের উপর দিয়েই চলে যায় ট্যাঙ্কটি। ফলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। ঘটনার পরেই দু’জনকে উদ্ধার করে হিসার মিলিটারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক দু’জনকে মৃত ঘোষণা করেন। হিসার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। রবিবারই দু’জনের ময়নাতদন্ত করা হয়েছে। জানা গিয়েছে, অঙ্কুশের বাড়িতে তাঁর স্ত্রী এবং দুই ছেলে-মেয়ে রয়েছে। শনিবার বাড়ির লোকজনের সঙ্গে কথাও হয় তাঁর। তিনি জানান, রবিবার ছুটি নিয়ে বাড়িতে যাবেন। তবে, তার আগেই এমন ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।
মহড়ায় মর্মান্তিক দুর্ঘটনা, সাঁজোয়া ট্যাঙ্কে পিষ্ট হয়ে মৃত দুই জওয়ান


Leave a Reply