সাতসকালে ভূমিকম্প নেপালে ৷ মঙ্গলবার সকাল 7টা বেজে 2 মিনিট, কেঁপে ওঠে নেপালের কোশি প্রদেশের লেলেপ ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.৩ ৷ শুধু নেপাল-ই নয়, ভুটান, বাংলাদেশ ও চিন-সহ ভারতের বিভিন্ন অঞ্চলে ভূ-কম্পন অনুভূত হয়েছে। অসম, সিকিমেও কম্পন অনুভূত হয়েছে এদিন ৷ পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর-সহ বিভিন্ন এলাকা কেঁপে উঠেছে ৷ কম্পন অনুভূত হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে ৷ তবে এখনও পর্যন্ত কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি ৷ সকালে যাঁরা মর্নিংওয়াকে বেরিয়েছিলেন তাঁরাও টের পান কম্পন। মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। শিলিগুড়ি এবং জলপাইগুড়িতে অনেকেই ভয়ে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। এদিকে তখন যাঁরা ঘুমের ঘোরে বিছানায় কয়েক সেকেন্ড ধরে চলা ওই কম্পনে তাঁরা চমকে ওঠেন ৷ সব মিলিয়ে সকালের এই আকস্মিক ভূমিকম্পের কম্পনে কিছুক্ষণের জন্য আতঙ্কের পরিবেশ তৈরি হয় জলপাইগুড়িতে। স্থানীয় এক বাসিন্দা প্রবীর সরকার বলেন, “কুয়াশার মাঝেই হঠাৎ ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়ায়। আমি ঘরের কাজ করছিলাম। কয়েক সেকেন্ড কম্পন বুঝতে পারি ৷ রীতা রায় বলছেন,”ভূমিকম্পের ফলে ঘুম ভেঙে যায়। ঘাবরে গিয়েছিলাম পুরো ৷” এদিকে, উত্তরবঙ্গজুড়ে, ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা ছিল অনেক কম। চারপাশ যখন কুয়াশায় ঢাকা, ঠিক সেই সময় হঠাৎ মাটি কেঁপে ওঠায় সাধারণ মানুষের মধ্যেই স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের ফলে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ঘন কুয়াশার ফলে অনেকেই আতঙ্কে পড়েন।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির এক্স হ্যান্ডেল অনুযায়ী, মঙ্গলবার সকাল 07:02 মিনিটে নেপালে ভূমিকম্প আঘাত হানে ৷ কম্পনস্থলটি সিকিমের কাছেই ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3। নেপালের কোশীতে ভূপৃষ্ঠ থেকে প্রায় 20 কিলোমিটার গভীরে উৎপত্তি হয় ভূমিকম্পটির। কেন্দ্রস্থল ছিল কাঠমাণ্ডু থেকে প্রায় 275 কিলোমিটার পূর্বে তাপলেজুং জেলার ওলাংচুং গোলা এলাকায়। পূর্ব নেপালের বেশ কয়েকটি জেলার বাসিন্দারাও এই কম্পন অনুভব করেছেন।
সাতসকালে কেঁপে উঠল জলপাইগুড়ি-শিলিগুড়ি-সিকিম, নেপালে ৫.৩ মাত্রায় ভূমিকম্প


Leave a Reply