শুরু হল চলতি বছরের অমরনাথ যাত্রা ৷ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা ভগবতী নগর বেস ক্যাম্প থেকে অমরনাথ যাত্রার তীর্থযাত্রীদের প্রথম দলকে যাত্রার জন্য সবুজ সংকেত দিয়েছেন ৷ কাশ্মীরের পহেলগাঁও ও বালতাল— এই দুটি বেস ক্যাম্পের উদ্দেশে তীর্থ যাত্রার জন্য কঠোর ও বহু-স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 4,822 জন তীর্থযাত্রীর এই প্রথম দলে রয়েছেন 3,707 জন পুরুষ, 816 জন মহিলা এবং 16 শিশু ৷ এছাড়াও 246 জন সাধু এবং 37 জন সাধ্বীও আছেন। তীর্থযাত্রীদের নিরাপত্তার জন্য কনভয়ে 106টি বাস, 39টি মাঝারি আকারের গাড়ি, 111টি ছোট গাড়ি এবং তিনটি দু-চাকার গাড়ি রয়েছে। 3,880 মিটার উচ্চতায় অবস্থিত অমরনাথ গুহা মন্দিরের উদ্দেশে 57 দিন ধরে এই তীর্থযাত্রা শুক্রবার 3 জুলাই থেকে শুরু হতে চলেছে। অনন্তনাগ জেলার ঐতিহ্যবাহী 48 কিলোমিটার দীর্ঘ নুনওয়ান-পহেলগাঁও পথ এবং গান্ডেরওয়াল জেলার অপেক্ষাকৃত ছোট কিন্তু খাড়া 14 কিলোমিটার দীর্ঘ বালতাল পথ দিয়ে গুহার উদ্দেশে যেতে হবে ৷ এই দুটি পথ দিয়েই একই সময়ে যাত্রা শুরু হবে বলে জানা গিয়েছে। প্রথম দলে 2,510 জন তীর্থযাত্রী পহেলগাঁও পথে এবং 2,312 জন বালতাল পথ দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই যাত্রা আগামী 28 অগস্ট শেষ হবে। তীর্থযাত্রীদের কনভয় রওনা করানোর আগে উপ রাজ্যপাল মনোজ সিনহা কঠোর নিরাপত্তায় ভগবতী নগর বেস ক্যাম্পে বিশেষ পূজাও করেন। তাঁর সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের ডিজি নলিন প্রভাত, বিরোধী দলনেতা সুনীল শর্মা, বিজেপি সাংসদ যুগল কিশোর শর্মা, স্থানীয় বিজেপি বিধায়ক, প্রশাসনের শীর্ষ কর্তারা ৷

