ভোটগণনার প্রাক্কালে বাংলার রাজনৈতিক উত্তাপ এবার আছড়ে পড়ল স্ট্রংরুমের দোরগোড়ায়। ইভিএম-এর (EVM) নিরাপত্তা নিশ্চিত করতে এবং শাসকদলের ‘তৎপরতা’ রুখতে এবার কোমর বেঁধে নামছে বিজেপি। আগামী সোমবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা। তার আগে রবিবার সকাল থেকেই রাজ্যের প্রতিটি স্ট্রংরুমের সামনে অবস্থানে বসছেন বিজেপির মহিলা কর্মীরা । মূলত সোমবার গণনাকেন্দ্রে প্রার্থীরা পৌঁছানোর আগে পর্যন্ত ইভিএম-এর সুরক্ষাকবচ হিসেবে কাজ করবেন এই মহিলা কর্মীরাই। দ্বিতীয় দফার ভোট মিটতেই স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে। বিশেষ করে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এবং সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রংরুম ঘিরে বিতর্ক তুঙ্গে ওঠে। তৃণমূলের পক্ষ থেকে সন্দেহজনক গতিবিধির অভিযোগ তুলে ধর্নায় বসেন কুণাল ঘোষ ও শশী পাঁজার মতো হেভিওয়েট প্রার্থীরা। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ভবানীপুরের স্ট্রংরুম সাখাওয়াত মেমোরিয়ালে পাহারা দিতে পৌঁছে গিয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য। পালটা হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনি এজেন্টকেও সেখানে নজরদারি চালাতে দেখা যায়। এই ধারাবাহিক টানাপোড়েনের রেশ ধরেই এবার রাজ্যজুড়ে পালটা প্রতিরোধের কৌশল নিল গেরুয়া শিবির।

