বিহারে বিধানসভা নির্বাচন শুরুর কয়েকঘণ্টা আগে আবারও ‘ভোট চুরি’র অস্ত্রে শাণ দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ বছরখানেক হওয়া হরিয়ানা বিধানসভা নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে বলে তাঁর দাবি ৷ ভোটে গরমিলের অভিঘাত বোঝাতে তাঁর দাবি হরিয়ানায় 22 বার ভোট দিয়েছেন ব্রাজিলের সুন্দরী মডেল ম্যাথিয়াস ফেরেরো ৷ পাশাপাশি নির্বাচন কমিশন ‘অপারেশেন সরকার চুরি’ করেছে বলে অভিযোগ রাহুলের ৷ বুধবার দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, উত্তর ভারতের এই রাজ্যটিতে 25 লক্ষ ভুয়ো ভোটার আছেন ৷ তার মধ্যে একজন ভোটার দু’টি আলাদা আলাদা বুথে মোট 223 বার ভোট দিয়েছেন ৷ শুধু তাই নয়, রাজীব তনয়ের আরও দাবি, হরিয়ানার ভোটার তালিকায় থাকা 1 লক্ষ 24 হাজার ভোটারের ক্ষেত্রে ভুয়ো ছবি ব্যবহার করা হয়েছে ৷ 2024 সালে অক্টোবর মাসে হরিয়ানায় বিধানসভা নির্বাচন হয় ৷ 90 আসনের বিধানসভায় 48টি আসন পায় বিজেপি ৷ 37টি আসন পায় কংগ্রেস ৷ একদা বিজেপির সঙ্গী পরে বিরোধী আইএনএলডি পায় দুটি আসন ৷ নির্দলরা জেতেন তিনটি আসনে ৷ আসনের দিক থেকে চোখে পড়ার মতো পার্থক্য হলেও শাসক ও বিরোধীদের মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল কমবেশি 22 হাজার ৷ এর আগেও একাধিকবার ভোট চুরি নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন রাহুল ৷ তখন জানিয়েছিলেন, সময় এলে হাইড্রোজেন বোমা ফাটাবেন ৷ এবার সেই হাইড্রোজেন বোমা ফাটালেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি ৷ হরিয়ানার নির্বাচন সংক্রান্ত সমস্ত অভিযোগকে তিনি ‘এইচ ফাইলস’ নাম দিয়েছেন ৷ এদিনের সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “আমাদের এই এইচ ফাইল বলে দেবে কী করে একটা রাজ্যের ভোট চুরি হয়েছে ৷ আমাদের সন্দেহ ভোটের গরমিল এখন আর বিচ্ছিন্নভাবে কোনও একটি বা দু’টি কেন্দ্রে হচ্ছে না ৷ চুরি হচ্ছে রাজ্যস্তরে ৷ ভোটের ফল দেখার পর হরিয়ানায় আমাদের প্রার্থীদের সন্দেহ হয়েছিল ৷ তাঁরা আমাদের কাছে একাধিক অভিযোগ দায়ের করেছেন ৷ তাছাড়া সমস্ত বুথ ফেরত সমীক্ষাই বলেছিল কংগ্রেসের জয় নিশ্চিত ৷ ফল প্রকাশিত হওয়ার পর দেখা গেল কোনও পূর্বাভাস মেলেনি ৷ এরপর সন্দেহ আরও বাড়ে ৷ মধ্যপ্রদেশ থেকে শুরু করে ছত্তিশগড় এবং মহারাষ্ট্র থেকেও একই অভিযোগ এসেছে ৷ তবে আমরা হরিয়ানার বিষয়টি খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছিলাম ৷ আর তা থেকেই স্পষ্ট, হরিয়ানায় বড় ধরনের চুরি হয়েছে ৷”
হরিয়ানা প্রসঙ্গে
তাঁর দাবি, এখানে 22 হাজার ভোটের ব্যবধানে নির্বাচনে পরাজিত হয় কংগ্রেস ৷ অনুসন্ধানে নেমে কংগ্রেস জানতে পারে ব্রাজিলের মডেল ম্যাথিয়াস ফেরেরোর নামে 22 বার ভোট পড়েছে ৷ কখনও সীমা কখনও সুইটি আবার কখনও সরস্বতী নামে পড়েছে ভোট ৷ এ প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়ের সিং সাইনির একটি বক্তব্য শোনান রাহুল ৷ ভোটের ফল ঘোষণার দুদিন আগে তাঁকে বলতে শোনা গিয়েছিল, “আমাদের জয় নিশ্চিত ৷ আমাদের কাছে পদ্ধতি আছে ৷” রাহুলের অভিযোগ, এখান থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে ভোটের ফলাফল বদলে দেওয়ার জন্য কমিশনকে পাশে নিয়ে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে বিজেপি ৷
অপারেশন সরকার চুরি
এদিনের সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন রাহুল ৷ অপারেশন সিঁদুরের প্রতিধ্বনি করে তাঁর কটাক্ষ নির্বাচন কমিশন সরকার চুরি করেছে ৷ তিনি জানান, বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং দুই প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার বিজেপির সঙ্গে আঁতাত করে একাধিক নির্বাচন সম্পন্ন করেছেন ৷
বিভিন্ন তথ্য় তুলে ধরে তিনি বারবার দাবি করেন, হরিয়ানায় প্রতি আটজন মধ্যে একজনও ভোটারই ভুয়ো ৷ তার মধ্যে কারও বাড়ির ঠিকানায় ভুলভ্রান্তি আছে ৷ কোথাও আবার একই ঠিকানায় বহু ভোটার আছেন ৷ এপিক কার্ডে ঠিকানার জায়গায় কেন শূন্য লেখা আছে তা নিয়ে এর আগেই ব্যাখ্যা দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার দিয়েছেন ৷ তাঁর মতে, বহু ভোটার যে বাড়িতে থাকেন সংশ্লিষ্ট পুরসভা বা পঞ্চায়েত সেই বাড়ির কোনও নম্বর দেয়নি ৷ তাই ঠিকানার জায়গায় শূন্য লেখা আছে ৷
এই প্রশ্নটি প্রকাশ্যে এনে রাহুলের দাবি বারবার বলার পরও ঠিকানা নিয়ে জটিলতা নিরসন করে না কমিশন ৷ কারণ, তাঁরা জানে এই কাজ করলে বিজেপিকে ভোটে জিতিয়ে দেওয়া যাবে না ৷ এদিন যুবকদের বার্তাও দিয়েছেন রাহুল ৷ তাঁর কথায়, “এই সমস্ত তথ্য় তুলে ধরে আমি জেন জি-কে বলতে চাই এভাবে ভোট চুরি করে আপনাদের ভবিষ্যৎটাই চুরি করা হচ্ছে ৷” অন্যদিকে এসআইআর নিয়ে অন্য় বিরোধী দলগুলির সঙ্গে সমন্বয় রেখেই কংগ্রেস কাজ করবে বলে জানালেন রায়বরেলির সাংসদ ৷


