ককরোচ জনতা পার্টি (CJP)-র সঙ্গে মঙ্গলবার গভীর রাতে কেন্দ্রের প্রতিনিধিদের দীর্ঘ বৈঠক হয়েছে। আন্দোলনকারীদের উপর থেকে সরকার সব মামলা প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দেওয়ার পরে ৪৮ ঘণ্টা কেটে গেলেও তা করা হয়নি বলে CJP-র অভিযোগ। দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গ, বিহার, অসমে এখনও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহার করা হয়নিও। উল্টে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ সিজেপি-র।বৈঠক শেষে CJP-র অন্যতম মুখপাত্র সৌরভ দাস দাবি করেন, ‘একজন আন্দোলনকারীকেও বিপদে পড়তে দেব না।’ তাঁর কথায়, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ এবং বিভিন্ন রাজ্যে দায়ের হওয়া মামলা নিয়ে ইতিবাচক আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। CJP-র হুঁশিয়ারির পরেই বিহার এবং তার পরেই বিজেপি শাসিত অসমও ধৃত NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সব মামলাও প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সৌরভ দাস বলেন, ‘আন্দোলনের শুরু থেকেই CJP-র অবস্থান ছিল—কোনও আন্দোলনকারীকে আইনি লড়াইয়ে একা ছেড়ে দেওয়া হবে না।’ তাঁর কথায়, ‘আমাদের প্রত্যেক কর্মী ও সমর্থকের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা বিষয়টি পর্যবেক্ষণ করব।’
তবে CJP স্পষ্ট করেছে, সরকারের আশ্বাসকে স্বাগত জানালেও তারা পরিস্থিতির ওপর নজর রাখবে। সংগঠনের দাবি, যদি কোথাও আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন করে পুলিশি পদক্ষেপ নেওয়া হয় বা প্রতিশ্রুতি রক্ষা না করা হয়, তা হলে তারা ফের আন্দোলনের পথে নামবে।
এক নজরে
- CJP-র হুঁশিয়ারির পর মধ্যরাতে কেন্দ্রের সঙ্গে দীর্ঘ বৈঠক
- আন্দোলনকারীদের বিরুদ্ধে নতুন FIR না করার আশ্বাসের দাবি CJP-র
- বিহার সরকার NEET আন্দোলনের সব FIR প্রত্যাহারের ঘোষণা করেছে
- আন্দোলনে গ্রেপ্তার ৬৯৪ জনকে মুক্তির নির্দেশ বিহার সরকারের
- অসম সরকারও ১৩ জন ধৃত আন্দোলনকারীকে মুক্তির ঘোষণা করেছে
- CJP জানিয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গ হলে ফের আন্দোলনে নামবে
- দিল্লি পুলিশ ‘চলো সংসদ’ কর্মসূচি ঘিরে ২,৮৭৩ জনকে শনাক্ত করার দাবি করেছে
বিহার সরকারের ঘোষণা
CJP-র ওই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পরেই বিহার সরকারের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে। বিহারে বিজেপি শাসিত সরকার ঘোষণা করেছে, ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত NEET-UG আন্দোলনে অংশ নেওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে আর কোনও আইনি বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি, আন্দোলন ঘিরে দায়ের হওয়া সমস্ত FIR, ফৌজদারি অভিযোগ এবং শো-কজ নোটিস প্রত্যাহারের প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। একইসঙ্গে আন্দোলনের সময়ে গ্রেপ্তার হওয়া ৬৯৪ জনকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছে বিহার সরকার।
অসম সরকারের ঘোষণা
বিহারের পরে বিবৃতি দিয়ে ধৃত আন্দোলনকারীদের মুক্তির কথা ঘোষণা করে অসম সরকারও। তাদের বিবৃতি অনুযায়ী রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত নিট কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভের জেরে অসমে মোট পাঁচটি মামলা রুজু হয়েছে। তাতে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।

