নিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে চড় খেলেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ৷ সোমবার রাজস্থানের জয়পুরে এ সংক্রান্ত একটি বিক্ষোভে সমাবেশে অংশ নেন তিনি ৷ সামনে পেয়ে ককরোচ জনতা পার্টির সমর্থকদের কেউ কেউ তাঁকে কাঁধে তুলে নেন ৷ সে সময় দুই যুবক আচমকারই চড় মারেন বলে অভিযোগ ৷ পরে দুজনকে আটক করে পুলিশ ৷ অভিজিতের প্রতিক্রিয়া, এসব তাঁদের ভয় দেখানোর কৌশল ৷ কিন্তু তাঁরা নিজেদের দাবি থেকে সরে আসছেন না ৷ লড়াই চলবে ৷ জয়পুরের শহিদ স্মারকে বহু সংখ্যক ছাত্র-যুব এদিন বিক্ষোভ দেখাতে হাজির হয়েছিলেন ৷ সেখানে অংশ নেন অভিজিৎ ৷ তাঁর উপস্থিতি ঘিরে ভিড়ের উত্তেজনা আরও বাড়ে ৷ ভিড়ের সুযোগে দুই যুবক খুব কাছাকাছি চলে যান ৷ তারপরই চড় মারেন বলে অভিযোগ ৷ ঘটনাস্থলে উপস্থিত কররোচ জনতা পার্টির কর্মী-সমর্থকরাই ওই দুজনকে ধরে ফেলেন ৷ পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ মাস খানেক আগে গঠিত ককরোচ জনতা পার্টিকে নিয়ে চর্চার অন্ত নেই ৷ জুন মাসের গোড়া থেকে নিট ইস্যুতে আন্দোলনের ঝাঁঝ বাড়িয়েছে সিজেপি ৷ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি তোলা হয় জোরালোভাবে ৷ আমেরিকা থেকে ভারতে ফিরে আসেন অভিজিৎ ৷ 6 জুন দিল্লির যন্তরমন্তরে বিরাট বিক্ষোভ সমাবেশ করে সিজেপি ৷ সমাজকর্মী সোনাম ওয়াংচুকও অংশ নেন বিক্ষোভে ৷ ঘটনাস্থল থেকে 6 জন আটক করে পুলিশ ৷ অভিজিৎ জানান, এভাবে তাঁদের দমানো যাবে না ৷ একদিন বাদে মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের একটি অনুষ্ঠান থেকে তিনি আরও একবার জানান আন্দোলন প্রত্যাহারের কোনও প্রশ্নই নেই ৷ শিক্ষামন্ত্রী পদত্যাগ না করে পর্যন্ত আন্দোলন যেভাবে চলছে সেভাবেই চলবে ৷চারদিন পর মানে 11 জুন পুণের একটি সাংবাদিক সম্মেলন থেকে তিনি শিক্ষা বিষয়ক ইস্তেহার প্রকাশ করেন ৷ পাশাপাশি জানান পরীক্ষা সংক্রান্ত অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচিও শুরু হয়েছে ৷ জানা যায়, সাবিত্রীবাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয় (SPPU) ক্যাম্পাসে সন্ধ্যার এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে জলবায়ু কর্মী সোনম ওয়াংচুকও অংশ নেবেন । অভিজিৎ বলেন, “আমরা আজ এসএসপিইউ (SSPU) থেকে আমাদের দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি শুরু করছি । এই প্রতিবাদ হবে শান্তিপূর্ণ এবং সংবিধানের কাঠামোর মধ্যে থেকেই । আজই আমরা আমাদের শিক্ষা বিষয়ক ইস্তেহার প্রকাশ করব ।” তিনি আরও বলেন, “এই ইস্তেহার প্রশ্নপত্র ফাঁস রোধ, সময়মতো পরীক্ষার ফলাফল ঘোষণা নিশ্চিত করা, নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় স্বচ্ছতা বৃদ্ধি, পরীক্ষা পরিচালনাকারী কর্তৃপক্ষের দায়বদ্ধতা জোরদার করা এবং পরীক্ষা পরিচালনায় বিলম্ব ও অনিয়মের কারণে শিক্ষার্থীদের যেসব সমস্যার সম্মুখীন হতে হয়, তার সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ।” দেশব্যাপী আন্দোলনের অংশ হিসেবে রাজস্থানের জয়পুরে বিক্ষোভের ডাক দেয় সিজেপি ৷ সেখানে গিয়েই মার খেলেন অভিজিৎ ৷

