জেলা রাজনীতি

২০২৬-এ বঙ্গভোটে বাম-কংগ্রেস জোটের ইতি! রাহুল-খাড়গের ম্যারাথন বৈঠকের পর ঘোষণা ‘একলা চলো’র নীতি

আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বামেদের সঙ্গে আর জোট নয়, বরং একক শক্তিতেই ময়দানে নামতে চলেছে জাতীয় কংগ্রেস। ২০২৬-এর বিধানসভা ভোটে এককভাবেই রাজ্যের ২৯৪টি আসনে লড়বে তারা। বামেদের সঙ্গে হাত মেলানোর প্রশ্নই নেই, জানাল সংগঠন। বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব ও প্রদেশ কংগ্রেসের শীর্ষ নেতাদের দীর্ঘ বৈঠকের পর এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে ভরাডুবির পর থেকেই ঝুলে থাকা জোটের ভবিষ্যৎ নিয়ে এদিনের বৈঠক সব জল্পনার অবসান ঘটাল। এআইসিসি-র সদর দফতরে আয়োজিত এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, এআইসিসি-র সাধারণ সম্পাদক তথা বাংলার পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর এবং প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বৈঠক শেষে গুলাম আহমেদ মীর আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন, “বঙ্গভোটে এবার কংগ্রেস একাই লড়বে।” জোট না করার পেছনে মূলত নিচুতলার কর্মীদের আবেগ ও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির যুক্তি দিয়েছে হাইকম্যান্ড। মীরের কথায়, “সিপিএমের সঙ্গে জোট হলে আমাদের দলীয় কর্মী-সমর্থকদের মনোবল ভেঙে যায়। কংগ্রেস কর্মীরা চান দল সব আসনে একা লড়ুক এবং নিজেদের হারানো জমি ফিরে পাক।”