জেলা দেশ বিদেশ

ভারতীয় কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, উদ্ধারে তৎপর বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে কোচবিহারের পশ্চিম শীতলকুচি গ্রামের এক বাসিন্দাকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা! জানা গিয়েছে, পাশের গ্রাম নগর সিংমারি সীমান্তে মাদকদ্রব্য চোরাকারবারের সময় বিএসএফ (BSF) জওয়ানদের গুলিতে জখম হয় এক বাংলাদেশি। জখম যুবকের বাড়ি বাংলাদেশের হাতিবান্ধা থানার মধ্য সিংমারি গ্রামে। তাকে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কোচবিহার এমজেএনে রেফার করা হয়। সেখানে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার জেরে এক ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে বাংলাদেশিদের বিরুদ্ধে। উকিল বর্মন নামে ওই কৃষক কাঁটাতারের ওপারে তাঁর জমিতে কাজ করতে গিয়েছিলেন। তাঁকে বাংলাদেশিরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। বিকাল সাড়ে তিনটে পর্যন্ত তাঁকে ফিরিয়ে আনতে পারেনি বিএসএফ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সমস্যার সমাধানে এদিন বিকেলে ফ্ল্যাগ মিটিং করবে বলে বিএসএফ সূত্রে খবর। অপহৃত কৃষকের স্ত্রীর দাবি, তাঁর স্বামী খেতের মধ্যে কিছু ছেড়ে এসেছেন কি না তা দেখতে যেতেই কয়েকজন বাংলাদেশি তাঁকে জোর করে তুলে নিয়ে যায়। যদিও ঘটনায় বিএসএফের তরফে এখনও কিছু জানানো হয়নি। অভিযোগ এর জেরেই বাংলাদেশের কিছু নাগরিক জিরো পয়েন্ট থেকে পশ্চিম শীতলকুচি গ্রামের বাসিন্দা উকিল বর্মনকে তুলে নিয়ে যায়। বিষয়টি নিয়ে বিজিবির সঙ্গে কথা বলে বিএসএফ। শুরু হয় উকিল বর্মনের খোঁজে তল্লাশি। জানা গেছে, যারা তাঁকে জিরো পয়েন্ট থেকে তুলে নিয়ে গিয়েছিল সেই বাংলাদেশিদের হাত থেকে শেষ পর্যন্ত উকিল বর্মনকে নিজেদের হেপাজতে নিতে পেরেছে বিজিবি। শেষ পর্যন্ত অপহৃত ভারতীয় কৃষক উকিল বর্মনকে বাংলাদেশিদের হাত থেকে উদ্ধার করল বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। এই মুহূর্তে ওই কৃষক বিজিবির হেপাজতেই আছেন।  আগামীকাল বিএসএফ-বিজিবির ফ্ল্যাগ মিটিং রয়েছে। তারপরই উকিল বর্মনকে বিএসএফের হাতে তুলে দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।