কলকাতা

আগামী বুধবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে পুজো উদ্যোক্তাদের সঙ্গে সিপির বৈঠক

কলকাতা শহরের পুজো উদ্যোক্তাদের সঙ্গে আগামী ১০ সেপ্টেম্বর বুধবার বৈঠক করবেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। কলকাতা পুলিসের এক সূত্র জানিয়েছে, আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ওইদিন সন্ধ্যা ৬টায় এই বৈঠক শুরুর কথা। ইতিমধ্যেই লালবাজার থেকে কলকাতার সব থানার ওসিদের এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। ওই নির্দেশিকায় বলা হয়েছে, অনলাইনে পুজোর অনুমতি, হাইকোর্টের নির্দেশিকা, চাঁদা আদায়, প্যান্ডেল তৈরি ও বিধিনিষেধ, প্রতিমা বিসর্জন নিয়ে আলোচনা হবে। কলকাতা পুলিসের ১০টি ডিভিশনের বাছাই করা বড় পুজো কমিটি থেকে দু’জন করে মোট ১৫০০ জন পুজো উদ্যোক্তাকে এই বৈঠকে ডাকা হচ্ছে। সিপির নেতৃত্বে এই বৈঠকে পুজো উদ্যোক্তাদের পাশাপাশি কলকাতা পুরসভা, সিইএসসি, দমকল, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন কলকাতার সব থানার ওসি, এসি, ডিসি সহ লালবাজারের শীর্ষকর্তারা।