কলকাতা

বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্য সরকারের ভূয়ষী প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

বাজেট অধিবেশনের সূচনা ভাষণে রাজ্য সরকারের ভূয়ষী প্রশংসা করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানালেন, রাজ্যের সাফল্য তিনি গর্বিত। বাজেট বক্তৃতার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য বিনিময়ও করেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর হাত ধরে তাঁর সঙ্গে কথাও বললেন। পরে বেরোনোর সময় তাঁকে মুখ্যমন্ত্রীই বিধানসভার গেট পর্যন্ত এগিয়ে দেন। বৃহস্পতিবার মমতার তৃতীয় দফার সরকারের শেষ বাজেট। দস্তুর হল, রাজ্যপালের বক্তৃতা দিয়েই বাজেট অধিবেশন শুরু হয়। কিন্তু বোস বক্তৃতা শুরু করার আগে থেকেই শাসক এবং বিরোধী শিবিরের স্লোগান-পালটা স্লোগানে উত্তাল হয় বিধানসভা। অধিবেশনে জাতীয় সঙ্গীত শেষ হতেই ‘ভারত মাতা কী জয়’ ধ্বনি তোলেন শুভেন্দু অধিকারী। স্লোগান দেয় বিজেপি পরিষদী দলও। পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান তোলেন তৃণমূলের বিধায়কেরা। এসবের মাঝেই বিধানসভায় বক্তৃতা শুরু করেন বোস। বিধানসভায় সংক্ষিপ্ত ভাষণেই বক্তৃতা শেষ করেন রাজ্যপাল। তাঁর ভাষণে রাজ্য সরকারের নানা কাজের কথা তুলে ধরেছেন। তবে তাঁর হাতে বক্তৃতার যে লিখিত অংশ (যা সাধারণত রাজ্য সরকারই লিখে দেয়) ছিল, তা পুরোটা পাঠ করেননি রাজ্যপাল। সূত্রের খবর, লিখিত বক্তৃতার প্রথম এবং শেষ পৃষ্ঠার কিছু অংশ পাঠ করেছেন। মেরেকেটে সাড়ে চার মিনিটের বক্তৃতা করেছেন বোস।

বৃহস্পতিবার দুপুরে রাজ্যপালের সংক্ষিপ্ত ভাষণের পর বিধানসভায় নিজের ঘরে শুভেন্দু বলেন, ‘‘রাজ্যপাল সূচনা ভাষণের প্রথম সাড়ে চার মিনিট পড়েছেন। সেখানে কেন্দ্রের কাছে রাজ্যের পাওনার কথা লেখা ছিল, কোনও অসুবিধা নেই। এর তথ্য আছে। কিন্তু তথ্য ছাড়া যেখানে মিথ্যা ভাষণ আছে, সেটা উনি পড়েননি। লেখা ছিল, ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রের জন্য হয়নি। এটা পুরোপুরি মিথ্যা। রাজ্যপাল কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি। উনি মিথ্যা ভাষণ রাখেননি। ওঁর সাহস আছে। উনি উচিত কাজ করেছেন।’’ বিরোধী দলনেতার দাবি, ‘‘রাজ্যপাল যখন চলে যাচ্ছিলেন, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওঁকে প্রশ্ন করেন, উনি কেন পড়বেন না? উত্তরে রাজ্যপাল ওঁকে দেখান কী লেখা আছে, সেই জন্য তিনি পড়বেন না। এর পরে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তাঁকে বলেন, জাতীয় সঙ্গীত হবে। তাঁকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেন। রীতি মেনে জাতীয় সঙ্গীত হওয়ার পরে রাজ্যপাল বেরিয়ে যান।’’

কিন্তু শুভেন্দুর এসব বক্তব্য যে নেহাৎই ‘মনগড়া’, তা বোঝা গেল খোদ মুখ্যমন্ত্রীর কথায়। বাজেট ভাষণ শেষ হওয়ার পর মুখ্যমন্ত্রী নিজে রাজ্যপালকে বিদায় জানাতে বিধানসভার গেট পর্যন্ত এগিয়ে দেন। সেসময় তাঁদের দু’জনকে একান্তে কিছুক্ষণ কথা বলতেও দেখা যায়। এরপরই রাজ্যপালের সংক্ষিপ্ত বাজেট বক্তৃতা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি জানি কী কারণে রাজ্যপাল এমনটা করেছেন। আমার বলা উচিৎ নয়। তবে আমি জানি, রাজ্যপালের ফ্লাইট ধরার তাড়া ছিল।” তাঁর কথায়, ‘‘বিরোধীরা ভালো থাকুন, সুস্থ থাকুন। কিন্তু এটাও জেনে রাখুন, অনেক আসন হারাবেন।” রাজ্যেপালের ভাষণের পক্ষে এই কথা বলে ভাষণ শেষ করেন মুখ্যমন্ত্রী।