ক্রাইম দেশ

পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মেরে হেফাজত থেকে পালানোর চেষ্টা, স্বামীকে গুলি পুলিশের

পণের 36 লক্ষ টাকা বাকি ছিল, তাই চলত অকথ্য অত্যাচার ৷ শেষমেশ 6 বছরের ছেলের সামনেই চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয় গৃহবধূকে ৷ গ্রেটার নয়ডার সিরসা গ্রামের ঘটনা সামনে আসতেই শনিবার মৃতের স্বামীকে গ্রেফতার করে পুলিশ ৷ পরে পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টা করতে গেলে অভিযুক্তর পায়ে গুলি করে যোগী রাজ্যের পুলিশ ৷ বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন ৷ পুলিশের তরফে জানা যায়, অভিযুক্ত বিপিন ভাটি এদিন পুলিশি হেফাজত থেকে পালানোর চেষ্টার সময় বলতে থাকে, তার কোনও অনুশোচনা নেই। সে নাকি তাঁর স্ত্রীকে খুন করেনি। বউ নিজেই নিজের জীবন শেষ করার চেষ্টা করেছে।” গ্রেটার নয়ডার এডিসিপি অ্যাডিশনাল ডেপুটি কমিশনার অফ পুলিশ সুধীর কুমার বলেন, “সিরসা মোড়ের কাছে, অভিযুক্ত বিপিন পুলিশ আধিকারিকদের কাছ থেকে পিস্তলটি ছিনিয়ে নিয়ে পালাতে শুরু করে। পুলিশ তাকে ধরার চেষ্টা করলে সে পুলিশ দলকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশের পাল্টা গুলি তার পায়ে গিয়ে লাগে। তাকে আহত অবস্থায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।”