বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে নাম জড়াল টলিউড তারকা তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীর ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে সমন পাঠিয়েছে ৷ সংস্থার নির্দেশ অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর অর্থাৎ, সোমবার দিল্লির ইডি-র দফতরে হাজিরা দিতে হবে অভিনেত্রীকে ৷ যদিও, এই বিষয়ে মিমি চক্রবর্তী সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ উল্লেখ্য, বেআইনি বেটিং অ্যাপ মামলায় এর আগে অভিনেতা অঙ্কুশ হাজরাকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ এবার তদন্তের আওতায় এলেন মিমি ৷ জানা গিয়েছে, বেটিং অ্যাপ-কাণ্ডে টাকার লেনদেন এবং প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী ৷ পাশাপাশি, দেশের একাধিক তারকার নাম উঠে এসেছে এই মামলায় ৷ সেই তালিকায় প্রাক্তন ভারতীয় ক্রিকেটারদের নামও রয়েছে ৷ তদন্তের স্বার্থে ইতিমধ্যেই প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না, শিখর ধাওয়ানকে তলব করেছিল ইডি ৷ তাঁদের ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ মাসখানেক আগে বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে কেন্দ্রীয় সংস্থা ৷ সেই তালিকায় রয়েছেন দক্ষিণী সুপারস্টার রানা দাগ্গুবতি, কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মা, অভিনেতা বিজয় দেবরকোন্ডা-সহ একাধিক জনপ্রিয় মুখ রয়েছেন সেই তালিকায় ৷ যেখানে বলিউড তথা মুম্বইয়ের একাধিক অভিনেতা ও অভিনেত্রীর নাম রয়েছে ৷ ইডি সূত্রে খবর, বেটিং অ্যাপের আড়ালে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে ৷ সেই লেনদেনের যোগসূত্র খুঁজতেই একে-একে সেলেবদের তলব করা হচ্ছে ৷ এবার তদন্তকারীদের নজরে রয়েছেন মিমি চক্রবর্তী ৷ এই বেআইনি বেটিং অ্যাপ মামলায় আরও বেশ কয়েকজনকে সমন পাঠানো হয়েছিল ৷ কিন্তু, তাঁরা হাজিরা দেননি বলে অভিযোগ ৷ ইডির তরফে বলা হচ্ছে, এই ধরনের অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে কোটি-কোটি টাকার প্রতারণা হয়েছে দেশ জুড়ে ৷ এর মধ্যে পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে পরোক্ষে যুক্ত থাকার অভিযোগ উঠেছে ৷ ইডি-র নির্দেশ অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর মিমিকে হাজিরা দিতে হবে ৷ তবে, মিমি দিল্লিতে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবেন কি না, তা জানা যায়নি ৷

