বস্তিতে ভয়াবহ আগুন ৷ পুড়ে গেল ৫০টিরও বেশি ঘর । দগ্ধ হয়ে মৃত্যু চার শিশু-সহ পাঁচজনের । বুধবার ঘটনাটি ঘটেছে বিহারের মুজফফরপুরের বারিয়ারপুর থানা এলাকার রামপুর মানি পঞ্চায়েতে । জানা গিয়েছে, এদিন এলাকার এক বাসিন্দা গোলক পাসওয়ানের বাড়িতে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল । কিছুক্ষণের মধ্যেই তা পুরো বস্তি এলাকায় ছড়িয়ে পড়ে । স্থানীয়রা জানান যে, রাজু পাসওয়ান নামে এক ব্যক্তির তিন সন্তান পুড়ে মারা গিয়েছে । যাদের বয়স ১২,৮ ও ৯ বছর । ঘটনার পরই এলাকাজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয় । বস্তিতে আগুন লাগার ঘটনায় জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় চার শিশু মারা গিয়েছে । তারা সবাই একই পরিবারের সদস্য । আইনি প্রক্রিয়া শেষে, দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নিহতদের পরিবারকে চার লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে । যাদের ঘরবাড়ি পুড়ে গিয়েছে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে । গ্রামবাসীরা আগুন লাগার খবর পুলিশ এবং দমকলবাহিনীকে জানায় । দমকলের ইঞ্জিনগুলি ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে । ঘটনার পর থেকে এলাকাজুড়ে শুধু চিৎকার শোনা যাচ্ছে । ১৫ জন শিশু নিখোঁজ বলে জানা গিয়েছে । ক্ষতিগ্রস্ত পরিবারগুলি তাদের সন্তানদের খুঁজছে । গ্রামের পরিস্থিতি এখনও হৃদয়বিদারক । বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে চারদিকে । মৃত চার শিশুর দেহ উদ্ধার করা হয়েছে । মৃতদের পরিবারের কান্নায় পুরো গ্রাম শোকাহত হয়ে পড়েছে । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে । দেহটি বের করে ময়নাতদন্তের জন্য SKMCH-এ পাঠানো হচ্ছে । এই ঘটনায় লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) প্রধান চিরাগ পাসওয়ান শোকপ্রকাশ করেছেন । তিনি এক্স অ্যাকাউন্টে লিখেছেন, বারিয়ারপুর থানা এলাকার রামপুর মানি গ্রামের মহাদলিত বস্তিতে আগুন লাগার কারণে পাঁচজন মর্মান্তিকভাবে মারা গিয়েছেন, যার মধ্যে অনেক নিষ্পাপ শিশুও রয়েছে । ১৫ জনেরও বেশি শিশু নিখোঁজ এবং ৫০টিরও বেশি ঘরবাড়ি ছাই হয়ে গিয়েছে ।

