ঘূর্ণাবর্তের পাশাপাশি মৌসুমি অক্ষরেখার প্রভাবে বঙ্গে ফের দাপট দেখাতে চলেছে বৃষ্টি ৷ বঙ্গের আকাশ থেকে নিম্নচাপ দু’দিন সরে গেলেও, তা ফিরে আসার জোরালো ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দফতর ৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে উচ্চচাপ যুক্ত ঘূর্ণাবর্ত রয়েছে । বিহার থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত একটি অক্ষরেখা বরাবর এই ঘূর্ণাবর্ত অবস্থান করছে । পাশাপাশি, মৌসুমি অক্ষরেখা পশ্চিমে শ্রী গঙ্গানগর থেকে পুরুলিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে । এর প্রভাবেই ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যজুড়ে । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতায় আগামী তিন দিন বৃষ্টির পরিমাণ বাড়বে । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বেশি থাকবে । বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার থেকে শহর কলকাতায় বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ আজ দক্ষিণবঙ্গে হাওড়, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পূর্বাভাস অনুযায়ী, কলকাতা, উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ দক্ষিণের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷ ভারী বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই বলে পূর্বাভাস হাওয়া অফিসের । তবে, কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালাকা থেকে মাধারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় । বুধবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে, ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে । ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় । বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ শুক্রবার উত্তরবঙ্গের উপরের 3 জেলা আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । বাকি প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে । উত্তরের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । অতিভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় । পাশাপাশি দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা ।