কোভিড-19 অতিমারির পরে পূর্ব লাদাখের গালওয়ানে ভারত-চিনের সামরিক সংঘাতের জেরে বন্ধ হয়ে গিয়েছিল দুই দুশের সরাসরি বিমান পরিষেবা ৷ অক্টোবরের শেষ থেকে এবার সেই পরিষেবা শুরু করতে চলেছে নয়াদিল্লি ৷ বৃহস্পতিবার বিবৃতি দিয়ে সেকথা জানাল বিদেশমন্ত্রক ৷ আগামী 26 অক্টোবর থেকে কলকাতা-গুয়াংঝৌ পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু করবে ইন্ডিগো ৷ বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, “ভারত ও চিনের পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে চলতি বছরের শুরু থেকেই ভারত সরকারের তরফে উদ্যোগ নেওয়া হয় ৷ সরকারের সেই সিদ্ধান্তকে মান্যতা জানিয়ে বিমান পরিষেবা শুরু করার জন্য প্রযুক্তিগত বৈঠক হয় দুই দেশের অসামরিক বিমান সংস্থার মধ্যে ৷ বৈঠকের পরই, অক্টোবরের শেষ থেকে নির্দিষ্ট কয়েকটি বিমানবন্দর থেকে ভারত ও চিনের মধ্যে সরাসরি পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷” মন্ত্রকের সিদ্ধান্ত ঘোষণার পরই অসামরিক বিমান পরিবহণ সংস্থা ইন্ডিগোর তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয় ৷ সংস্থা জানিয়েছে, চিনের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য আগামী 26 অক্টোবর থেকে কলকাতা থেকে গুয়াংঝৌ পর্যন্ত প্রতিদিন নন-স্টপ বিমান পরিষেবা চালানো হবে ৷ সরকারের তরফে অনুমোদন পাওয়ার পর শীঘ্রই দিল্লি থেকেও গুয়াংঝৌ পর্যন্ত পরিষেবা শুরু করা হবে বলেও জানিয়েছে বিমান সংস্থাটি ৷ কোভিড-19 অতিমারির সময় 2020 সালে দেশবাসীর সুরক্ষার কথা মাথায় রেখে ভারত ও চিনের মধ্যে বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ এরই মধ্যে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘাতে জড়িয়ে পড়ে দুই দেশের সেনা ৷ প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (Line of Actual Control) বরাবর 4 বছরেরও বেশি সময় ধরে সেই নিয়ে দুই দেশের বিরোধ ছিল ৷ বহু ‘কাঠখড় পোড়ানো’র পর একের পর এক বৈঠকের মাধ্যমে 2024 সালের অক্টোবরে সেই অচলাবস্থা কাটে ৷ সাত বছর পর চলতি সেপ্টেম্বরে চিন সফরে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিয়ানজেনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন ৷ দুই দেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে একাধিক বিষয়ে আলোচনা করেন দুই রাষ্ট্রনেতা ৷ বিমান পরিষেবা শুরুর ইঙ্গিত পাওয়া গিয়েছিল সেই সময়ই ৷


