একাধিক জেলায় প্রবল ঝড় ও ভারী বৃষ্টির জেরে উত্তরপ্রদেশে মৃত্যু হল প্রায় 89 জনের ৷ গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়িও ৷ বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃষ্টি, ঝড় ও বজ্রপাতের জেরে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে খোঁজখবরও নিয়েছেন । তিনি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন, 24 ঘণ্টার মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে ত্রাণ এবং সহায়তা যাতে পৌঁছে যায় তা নিশ্চিত করতে হবে ৷ বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, প্রয়াগরাজে 17 জন, ভদোহিতে 16 জন, ফতেপুরে 9 জন, বদায়ুঁতে 5 জন, প্রতাপগড়ে 4 জন, চান্দৌলি ও কুশীনগরে 2 জন করে এবং শোনভদ্র জেলায় এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । প্রয়াগরাজ জেলা প্রশাসনের তরফে জারি করা তালিকা অনুযায়ী, ঝড় ও বৃষ্টির জেরে হান্ডিয়া এলাকায় 7 জন, ফুলপুরে 4 জন, সোরাঁওয়ে 3 জন, মেজায় 2 জন এবং সদর এলাকায় 1 জনের মৃত্যু হয়েছে । ভদোহিতে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রবল ঝড়ে গাছ এবং বাতিস্তম্ভ উপড়ে অন্তত 16 জনের মৃত্যু হয়েছে । অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার মৌর্য জানান, বেশ কয়েকটি এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে ৷ ঝড়ের তাণ্ডবে বহু ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন । ফতেপুরের অতিরিক্ত জেলাশাসক অবিনাশ ত্রিপাঠী জানান, জেলায় ঝড়ের জেরে 9 জনের মৃত্যু এবং 16 জন আহত হয়েছেন । খাগা তহসিলে পাঁচ মহিলা-সহ আটজনের মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, সদর তহসিলে একটি বাড়ির দেওয়াল ধসে এক মহিলার মৃত্যু হয়েছে । আধিকারিকরা জানান, প্রতাপগড়ে প্রবল ঝড় ও বৃষ্টির জেরে ঘরের দেওয়াল ও সিমেন্টের ছাদও ধসে পড়েছে ৷ বজ্রপাতের পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে । পুলিশ সুপার দীপক ভুকর জানান, লালগঞ্জ কোতয়ালি এলাকার ওঝা কা পুরওয়া গ্রামে একটি সিমেন্টের ছাদ ধসে পড়ার জেরে ভীম যাদব (25) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ।
তিনি আরও জানান, বাঘরাই থানা এলাকার সারি স্বামী গ্রামে একটি দেওয়াল ধসে ভূষণ পান্ডে (56) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে । ভুকর জানান, নারঙ্গপুর গ্রামের শান্তি দেবী (46) এবং ছত্রপুর শিবাল রঘনা গ্রামের লাল বাহাদুর (44)-এর মৃত্যু হয়েছে । কানপুর দেহাত জেলায় ঝড়-বৃষ্টিতে দুজনের মৃত্যু হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রসুলবাদ এলাকার ভৌথারি গ্রামে ভারী বৃষ্টির সময় গাছের নীচে দাঁড়িয়ে থাকা 19 বছর বয়সি এক তরুণীর বজ্রপাতে মৃত্যু হয় । ঘটনায় বেশ কয়েকটি গবাদি পশুরও মৃত্যু হয়েছে ।
অতিরিক্ত জেলাশাসক দুষ্যন্ত কুমার জানিয়েছেন, ক্ষয়ক্ষতির বিষয়ে স্থানীয় আধিকারিকদের কাছে রিপোর্ট তলব করা হয়েছে ৷ সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হবে । জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দেওরিয়ায় ভীমপুর গৌরা গ্রামের বাসিন্দা কোমল যাদবের (62) বজ্রপাতে মৃত্যু হয়েছে । এই ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন । অন্যদিকে, নেরুয়ারি গ্রামের বাসিন্দা রামনাথ প্রসাদের (65) বজ্রপাতে মৃত্যু হয়েছে ৷

